Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ থেকে নদীয়ায় হাজারের বেশি বুথে কর্মসূচি শুরু, ১০ দিনের মধ্যেই টেন্ডার

আজ, ২ আগস্ট থেকে নদীয়া জেলায়  শুরু হচ্ছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। আগামী তিন মাসে জেলাজুড়ে সাড়ে চার হাজারের বেশি বুথে ১ হাজার ৬৪৪টি ক্যাম্প হবে গ্রাম সভার ধাঁচে।

আজ থেকে নদীয়ায় হাজারের বেশি বুথে কর্মসূচি শুরু, ১০ দিনের মধ্যেই টেন্ডার
  • ২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: আজ, ২ আগস্ট থেকে নদীয়া জেলায়  শুরু হচ্ছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। আগামী তিন মাসে জেলাজুড়ে সাড়ে চার হাজারের বেশি বুথে ১ হাজার ৬৪৪টি ক্যাম্প হবে গ্রাম সভার ধাঁচে। সেখানে স্থানীয় বাসিন্দারাই ঠিক করবেন তাঁদের এলাকায় কোন কাজটি অত্যাবশ্যকীয়। আলোচনার মাধ্যমেই প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হবে। গ্রামবাসীদের সঙ্গে আলোচনা সভার ভিডিওগ্রাফিও করাও বাধ্যতামূলক করেছে রাজ্য। গ্রাম কিংবা শহরে কোথাও ক্যাম্প হওয়ার ৭ দিনের মধ্যেই প্রকল্পের এস্টিমেট এবং ৩ দিনের মধ্যে টেন্ডার ডাকতে হবে ব্লক প্রশাসনকে। অর্থাৎ, ১০ দিনের মধ্যে প্রকল্প রূপায়ণে প্রাথমিক কাজের সিংহভাগ কাজই শেষ করতে হবে। যদিও এই গোটা কর্মসূচিতে জনপ্রতিনিধিদের ভূমিকা সেভাবে থাকছে না। প্রশাসনের তরফে সমগ্র কাজটি করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্যাম্পেই অভিযোগের বাক্স রাখতে হবে। গ্রামবাসীদের নালিশ নোট করবেন প্রশাসনের আধিকারিকরা। 

Advertisement

জেলার অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অনুপ কুমার দত্ত বলেন, ‘আজ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান শুরু হচ্ছে। আগামী তিন মাস এই কর্মসূচি চলবে। এলাকার বাসিন্দাদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রকল্প বাছাই করার পাশাপাশি দুয়ারে সরকারে পরিষেবাও প্রদান করা হবে। ক্যাম্প থেকে আলোচনার মাধ্যমে উঠে আসা প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া দ্রুত শেষ করার ব্যাপারে আমরা জোর দিচ্ছি।’ এলাকায় বসেই এলাকার সমস্যা সমাধানের অভিনব উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।‌ যার পোশাকি নাম ‘আমাদের পাড়া আমাদের সমাধান’।  কর্মসূচির মূল লক্ষ্য হল—কোনও জনপ্রতিনিধি নয়, সমস্যার সমাধান করবেন স্থানীয়রাই। তাঁরাই ঠিক করবেন তাঁর এলাকায় কোন কাজটা আগে করা প্রয়োজন। প্রশাসনের আধিকারিকরা বুথে গিয়ে সেই দাবিদাওয়া শুনবেন। 
জানা গিয়েছে, প্রতি দিন জেলার ব্লকগুলিতে দু’টি কিংবা তিনটি ক্যাম্প করা হবে। প্রতিটি ক্যাম্পে তিনটি বুথের বাসিন্দারা উপস্থিত থাকবেন। স্থানীয় কোনও স্কুল কিংবা সরকারি প্রতিষ্ঠানে এই সভা ডাকা হবে। ওই ক্যাম্পে প্রতিটি বুথের বাসিন্দাদের নিয়ে আলাদাভাবে বসবেন আধিকারিকরা। সকাল ন’টা থেকে দশটা পর্যন্ত রেজিস্ট্রেশন হবে। তারপর ১০টা থেকে আলাপ-আলোচনার মাধ্যমে সেই সভা শুরু হবে। শেষ হবে সাড়ে বারোটায়। তারপর ওই ক্যাম্পেই দুয়ারে সরকার শিবির থেকে পরিষেবা প্রদান করা হবে। ৩ নভেম্বর পর্যন্ত এই শিবির করা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি বুথের আলোচনা সভায় দু’জন করে সরকারি অফিসার এবং একজন করে নিরপেক্ষ প্রতিনিধি থাকবেন। গ্রামের মানুষের কাছে এলাকার উন্নয়নমূলক দাবিদাওয়া জানতে চাওয়া হবে। মোট ১৪ রকম প্রকল্পের একটি তালিকা প্রশাসনের তরফ থেকে তৈরি করা হয়েছে। যার মধ্যে রয়েছে নিকাশি ব্যবস্থা, জলের সংযোগ, রাস্তার আলো, সাধারণের জন্য শৌচাগার নির্মাণ, অঙ্গনওয়াড়ি ও স্কুলের নানা সমস্যা, পুকুর সংস্কার, ঘাট পরিস্কার, বর্জ্য ব্যবস্থাপনা, বাস স্টপের শেড তৈরি, রাস্তা নির্মাণ ও মেরামতি‌। এর বাইরেও গ্রামের বাসিন্দারা তাঁদের দাবিদাওয়ার কথা জানাতে পারবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ