নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বৃষ্টি কম এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে তরাই ও ডুয়ার্সে কমলেও জুন মাসে পাহাড়ে চা পাতার উৎপাদন বাড়ল। টি রিসার্চ অ্যাসোসিয়েশনের রিপোর্টে এমনটাই উঠে এসেছে।
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বৃষ্টি কম এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে তরাই ও ডুয়ার্সে কমলেও জুন মাসে পাহাড়ে চা পাতার উৎপাদন বাড়ল। টি রিসার্চ অ্যাসোসিয়েশনের রিপোর্টে এমনটাই উঠে এসেছে।
রিপোর্টে দেখা যাচ্ছে, শুধুমাত্র জুনে ডুয়ার্সে গত বছরের তুলনায় কাঁচা চা পাতার উৎপাদন কমেছে ৬ লক্ষ ৬৫ হাজার ৪৫৬ কেজি। গত বছরের নিরিখে তরাইয়ে জুনে চা পাতার উৎপাদন কমেছে ১ লক্ষ ৬ হাজার ৫৫ কেজি। সেখানে পাহাড়ে গত বছরের তুলনায় এবার জুন মাসে চা পাতার উৎপাদন বেড়েছে ১ লক্ষ ৭ হাজার ৪৫৫ কেজি।
টি রিসার্চ অ্যাসোসিয়েশনের রিপোর্ট বলছে, গত বছর জুনে ডুয়ার্সে মোট চা পাতার উৎপাদন হয়েছিল ৬৪ লক্ষ ৮৪ হাজার ৬১৮ কেজি। এবার জুনে উৎপাদন হয়েছে ৫৮ লক্ষ ১৯ হাজার ১৬২ কেজি। তরাইয়ে গতবার জুনে মোট চা পাতার উৎপাদন হয়েছিল ১৬ লক্ষ ২৬ হাজার ৪৪১ কেজি। এবার জুনে উৎপাদন হয়েছে ১৫ লক্ষ ২০ হাজার ৩৮৬ কেজি।
পাহাড়ের ক্ষেত্রে ছবিটা অবশ্য একটু অন্যরকম। সেখানে একমাত্র কালিম্পং বাদে সর্বত্র গতবারের তুলনায় এবার জুনে চা পাতার উৎপাদন বেড়েছে। গতবার জুন মাসে পাহাড়ে চা পাতার উৎপাদন হয়েছিল ৩ লক্ষ ৭৭ হাজার ৭৮৬ কেজি। এবার জুনে উৎপাদন হয়েছে ৪ লক্ষ ৮৫ হাজার ২৪১ কেজি।
টিআরএ রিপোর্টে জুনে চা বলয়ে বৃষ্টির ঘাটতি এবং তাপমাত্রা বৃদ্ধির গ্রাফও উঠে এসেছে। দেখা যাচ্ছে, ডুয়ার্সে গত বছর জুনে বৃষ্টিপাত হয়েছিল ১২১৪ মিমি। মাসে ২৫ দিন বৃষ্টি হয়। এবার জুনে ডুয়ার্সে বৃষ্টি হয়েছে ৫০৫ মিমি। মাসে মাত্র ১৮ দিন বৃষ্টি হয়েছে। গতবার জুনে ডুয়ার্সে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি, সেখানে এবার তা দাঁড়ায় ৩৬.৯ ডিগ্রি। তরাইয়ে গতবার জুনে বৃষ্টিপাত হয়েছিল ৬৯৪ মিমি। মাসে ২১ দিন বৃষ্টি হয়। এবার জুনে তরাইয়ে বৃষ্টি হয়েছে ৩২৯ মিমি। মাসে বৃষ্টি হয়েছে ১৮ দিন। গত বছর জুনে তরাইয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি। এবার তা বেড়ে হয় ৩৩.৫ ডিগ্রি।
গতবার জুনে পাহাড়ে বৃষ্টি হয়েছিল ৬৬৭ মিমি। মাসে ২৩ দিন বৃষ্টি হয়। এবার জুনে পাহাড়ে বৃষ্টি হয়েছে ৩৮৩ মিমি। মাসে মাত্র ১৯ দিন বৃষ্টি হয়েছে। গতবার জুনে পাহাড়ে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি, সেখানে এবার জুনে তা বেড়ে হয় ২৭.৬ ডিগ্রি।