সংবাদদাতা, দার্জিলিং: দার্জিলিং পাহাড়ে আরএকটি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার শৈলশহরের একটি হলঘরে সভা করেন স্থানীয়দের একাংশ। সভায় দার্জিলিং গোর্খা পার্বত্য কাউন্সিলের প্রাক্তন কাউন্সিলারদের পাশাপাশি গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন নেতারা এবং পাহাড়ের অন্যান্য রাজনৈতিক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। প্রায় তিন ঘণ্টা ধরে এই সভা চলে। সভায় ১১ জনের কমিটি গঠন করা হয়েছে। যার আহ্বায়ক করা হয়েছে ভানু লামাকে। পরে নবগঠিত কমিটির আহ্বায়ক বলেন, আমি ‘পিপলস ফোরাম’ পরিচালনা করি। এটি ওই ফোরামের সভা ছিল না। স্থানীয় বাসিন্দা সহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই সভা হয়েছে। এটা দ্বিতীয় সভা ছিল। এদিনের সভায় ১১ জনের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির আগামী সপ্তাহে আরএকটি সভা হবে। যেখানে একটি নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। দার্জিলিংয়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য এমন পথে হাঁটা হচ্ছে।



