Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রেমে প্রত্যাখান, আত্মঘাতী গ্যারেজ কর্মী

প্রেমে প্রত্যাখান, আত্মঘাতী গ্যারেজ কর্মী
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: প্রেমে প্রত্যাখ্যান। সেই দুঃখে আত্মহত্যার পথ বেছে নিলেন ময়নাগুড়ির এক যুবক। শনিবার রাতে নাগরাকাটায় একটি গ্যারেজের ভিতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। পুলিস রবিবার সকালে নাগরাকাটার একটি গ্যারেজের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করেছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সজল সরকার(২১)। তিনি ময়নাগুড়ি ব্লকের চূড়াভাণ্ডারের চরচরার বাসিন্দা। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এক যুবতীর সঙ্গে সজলের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি যুবতীর পরিবারের সঙ্গে যুবকের বচসা বাঁধে। ছেলেটি জানতে পারে, প্রেমিকাকে তাঁর বাড়ির লোক অন্যত্রকে বিয়ে দেবার প্ল্যান করেছে। প্রেমিকার বিয়েও ঠিক হয়ে গিয়েছে। ফলে সম্পর্কে প্রত্যাখাত হয়ে শনিবার রাতে যুবকটি আত্মহত্যা করে। রবিবার দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিস।  
Advertisement
ওই গ্যারাজের মালিক বিক্রম রায় বলেন, দেড়বছর ধরে সজল আমার গ্যারেজে কাজ করত। খুব আবেগপ্রবণ ছিল ছেলেটি। সামান্য বকা দিলেই অভিমান করত। ওর কাছ থেকে শুনেছি, একটি যুবতীকে ভালোবাসতো। কাজের ফাঁকে সময় পেলে ফোনে কথা বলত। নিজের সারাদিনের সমস্ত ঘটনা ওকে বলতো। পরে জানতে পারি, যুবতীর বাড়ি ওদের দুজনের বিষয়টি জেনে ফেলার পরই ঝামেলা শুরু হয়। যুবতীর পরিবার সজলকে বলেছিল, ও যেন মেয়েটিকে ভুলে যায়। কিন্তু, ওদের মধ্যে সম্পর্ক ছিল। এরই মধ্যে মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায়। আমাদের অনুমান, সেকারণেই হয়তো সজল আত্মহত্যার পথ বেছে নিল। শনিবার ওর রাসমেলা যাওয়ার কথা ছিল। বন্ধুদের আসতে বলেছিল। বন্ধুরা এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার বলেন, প্রেমঘটিত কারণ থাকতে পারে বলে আমাদের অনুমান। তবে তদন্ত করে দেখা হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ