Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়া, বাঁকুড়া ও আরামবাগে সাড়ম্বরে পালিত হল ভাইফোঁটা

পুরুলিয়া, বাঁকুড়া ও আরামবাগে সাড়ম্বরে পালিত হল ভাইফোঁটা
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: রবিবার পুরুলিয়া, বাঁকুড়া ও আরামবাগে সাড়ম্বরে পালিত হল ভাইফোঁটা। এদিন বাঙালির ঘরেঘরে ভাইফোঁটা উৎসবে মাতেন বাসিন্দারা। সকাল হতেই বাড়িতে বাড়িতে শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয় এলাকা। 
Advertisement
পুরুলিয়া জেলাজুড়ে এদিন ভাইদের মঙ্গল কামনায় ভাইফোঁটার আয়োজন করে বোনেরা। পুরুলিয়ার এমএস ইন্ডোর স্টেডিয়ামে এদিন গণ ভাইফোঁটার আয়োজন করা হয়। সেখানে হাজির ছিলেন পুরসভার কাউন্সিলার বৈদ্যনাথ মণ্ডল, জেলা ক্রীড়া সংস্থার আধিকারিকরা। পুরুলিয়ার মণিপুর লেপ্রোসি রেহেবিটেশন সেন্টারে দিন ভাইফোঁটার আয়োজন করা হয়। সেখানে শিশুদের থেকে ফোঁটা নেন জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া। শনিবারের মতো রবিবারও ভোর থেকে মাংস ও মিষ্টির দোকানগুলিতে ক্রেতাদের ভিড় উপচে পড়ে। মূল্যবৃদ্ধি নিয়ে কিছুটা ক্ষোভও প্রকাশ করতে দেখা যায় ক্রেতাদের। দাদাকে ফোঁটা দিতে কলকাতা থেকে পুরুলিয়ায় এসেছিলেন অন্নপূর্ণা ভট্টাচার্য। মিষ্টি কেনার ফাঁকে তিনি বলেন, মূল্যবৃদ্ধির জেরে জেরবার হতে হচ্ছে মানুষকে। কিন্তু ভাইফোঁটা তো বছরে একবারই আসে। তাই মিষ্টি কেনায় খামতি রাখিনি। দশ টাকার নীচে কোনও ভালো মিষ্টি বাজারে নেই।
সবুজ রক্ষায় সচেতনতার বার্তা দিতে বাঁকুড়ার ইন্দাসের গোবিন্দপুরে গাছকে ভাইফোঁটা দেয় দুই স্কুল ছাত্রী। রূপলেখা বাগলি ও সোনালি নন্দী নামে দুই ছাত্রী এদিন সকালে পথচারীদের ভাইফোঁটা দেওয়ার পাশাপাশি স্থানীয় একটি বটগাছে শঙ্খধ্বনি সহযোগে চন্দনের ফোঁটা দেয়। তারা বলে, আমরা স্কুল যাওয়ায় পথে দেখি গাছে পেরেক গেঁথে বিজ্ঞাপনের হোর্ডিং দেওয়া হয়েছে। অনেক গাছ কেটেও নেওয়া হয়েছে। গাছের আয়ু বৃদ্ধির কামনায় এবং সবুজ রক্ষার সচেতনতার বার্তা দিতে এদিন আমরা গাছকে ফোঁটা দিয়েছি। 
এদিন বিষ্ণুপুরের লায়েকবাঁধ এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা রাধানগর হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ফোঁটা দেন। আরামবাগেও এদিন ভাইফোঁটার উৎসব পালিত হয়। এদিন আরামবাগের আশা বৃদ্ধাশ্রমে আবাসিকদের ভাইফোঁটা দেওয়া হয়। সেখানে আরামবাগের সাংসদ মিতালি বাগ, কাউন্সিলার স্বপন নন্দী প্রমুখ ছিলেন। সাংসদ আবাসিকদের ফোঁটা দিয়েছেন। এদিন সন্ধ্যায় আরামবাগ থানার মহিলা পরিচালিত উইনার্স টিমের সদস্যরা কালীপুর এলাকায় হেলমেট পরিহিত বাইক চালকদের ফোঁটা দেন। পুলিস কর্মীরা বাইক চালকদের জানান, পথ নিরাপত্তায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচিতে হেলমেট পরে বাইক চালানোর জন্য সচেতন করা হচ্ছে। এর ফলে যাঁরা এদিন হেলমেট পরে রাস্তায় বেরিয়েছেন তাঁদের অভিনন্দন ও স্বাগত জানিয়ে মহিলা পুলিসকর্মীরা ফোঁটা দিচ্ছেন। 
রাস্তায় সাবধানে চলাচলের জন্য শুভকামনাও করেন উইনার্স টিমের সদস্যরা। বাইক চালকদের মিষ্টিমুখও করানো হয়েছে। এদিন আরামবাগ শহর সহ গ্রামাঞ্চলের বাজারে মাংস, মিষ্টির দোকানে ভিড় উপচে পড়ে। অনেকে বাইরে থেকে এসেও ভাইদের ফোঁটা দিয়েছেন। 
সম্পর্কিত সংবাদ