Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে কান্না পরীক্ষার্থীদের

পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে কান্না পরীক্ষার্থীদের
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: সোমবার সকাল সাড়ে ৮টা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে মাত্র দেড় ঘণ্টা বাকি। সেই সময় বক্সা ব্যাঘ্র প্রকল্পের কমপক্ষে ১৬টি হাতির দলের হাসিমারা হাইস্কুল চত্বর ও হাসিমারা হিন্দি হাইস্কুলের পাশে মালঙ্গি চা বাগানে দাপাদাপি শুরু হয়। পরীক্ষা শুরুর মুখে হাতির দলের এই দাপাদাপিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। ওল্ড হাসিমারা, নিউ হাসিমারা, মালঙ্গি ও ভার্নাবাড়ি এলাকার  অনেক পরীক্ষার্থী আতঙ্কে কান্নাকাটিও জুড়ে দেয়। 
Advertisement
এদিকে, পরীক্ষার কথা মাথায় রেখে খবর পেয়ে হাতি তাড়াতে আসেন বনদপ্তরের নীলপাড়া রেঞ্জের বনকর্মীরা। হাতি তাড়াতে হাসিমারা ফাঁড়ি থেকে আসে বিশাল পুলিস বাহিনীও। কিন্তু উৎসাহীদের চিৎকার চেঁচামেচিতে হাতি তাড়াতে হিমশিম খেতে হয় পুলিস ও বনকর্মীদের। হাতির দলটিতে কয়েকটি শাবকও ছিল। সঙ্গে শাবক থাকায় মা হাতিরা মাঝেমধ্যে তেড়েও আসছিল জনতার দিকে। 
শেষ পর্যন্ত পরীক্ষা শুরুর আগেই পটকা ফাটিয়ে ও টিন বাজিয়ে হাতির দলটিকে পুলিস ও বনকর্মীরা নীলপাড়া রেঞ্জের জঙ্গলে ফিরিয়ে দেয়। হাতির দলটি জঙ্গলে ফিরে গেলেও বনকর্মীরা কোনও ঝুঁকি নেননি। এলাকার পরীক্ষার্থীদের এসকর্ট করে গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়। 
পুলিস ও বনদপ্তরের এই তৎপরতায় খুশি সংশ্নিষ্ট এলাকার পরীক্ষার্থী ও অভিভাবকরা। 
জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির যুগ্ম আহ্বায়ক ভাস্কর মজুমদার বলেন, সকালে হাতির দলের ঘটনা জানার পরেই পুলিস ও বনদপ্তরকে খবর দেওয়া হয়। পুলিস বনদপ্তরের তৎপরতাকে ধন্যবাদ। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, পুলিসকে নিয়ে আমাদের টিম তৎপরতার সঙ্গে হাতির দলটিকে জঙ্গলে ফিরিয়ে দিয়েছে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে হাতির দলটি নীলপাড়া রেঞ্জের জঙ্গল থেকে বের হয়। তারপর ওল্ড হাসিমারায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়ক পার হয়ে হাতির দলটি হাসিমারা হাইস্কুল চত্বর ও মালঙ্গি চা বাগানে ঢুকে পড়ে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ