নিজস্ব প্রতিনিধি, বীরভূম: জলাশয় থেকে উদ্ধার হল বস্তাবন্দি যুবকের টুকরো করা দেহ! আজ বুধবার সকালে বীরভূমের কাঁকড়তলা থানার রসা গ্রামে ঘটনাটি ঘটে। এখানকার একটি কয়লা খাদানের পাশের একটি জলশয় থেকেই টুকরো করা বস্তাবন্দি দেহটি উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, রসা গ্রামেরই এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল যুবকটির। তার জেরেই এই নারকীয় কাণ্ড। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। বিক্ষোভের মুখে পড়েন পুলিস আধিকারিকরাও।
বীরভূমের কাঁকড়তলা থানার খয়রাশোল ব্লকের সাহাপুরের বাসিন্দা ওই যুবক। নাম ইনসান শেখ (৩৮)। গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। আজ সকালে জলাশয়ের পাশে একটি সাদা বস্তা পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় থানায়। বস্তা খুলতেই উদ্ধার হয় ইনসানের টুকরো করা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। দেহ উদ্ধারে বাধা দেন ক্ষুব্ধ জনতা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌছন বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কে বা কারা ইনসানকে খুন করল তা এখনও পরিস্কার নয়। পুলিস গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে।