সংবাদদাতা, উলুবেড়িয়া: রক্তদান করলেই উপহার হিসাবে মিলবে ওয়াটার ফিল্টার। রবিবার উলুবেড়িয়ার কুলগাছিয়া সুপার মার্কেটে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত শিবিরে রক্তদাতাদের হাতে এই উপহার তুলে দিয়েছে বিজেপি নেতৃত্ব। আর এই নিয়েই বির্তক দানা বেঁধেছে। বিজেপির দাবি, এই এলাকার সব জায়গায় এখনো পরিস্রুত পানীয় জল আসেনি। সেই কারণে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে এই সামান্য উপহার তুলে দেওয়া হয়েছে। এদিকে, ২০০৭ সালের ভলান্টারি ব্লাড ডোনেশন সংক্রান্ত নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, কোনো রক্তদান শিবিরে রক্ত দাতাদের অর্থ বা মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ করে, এমন কিছু দেওয়া যাবে না। এমন নির্দেশিকার পরেও এদিন কুলগাছিয়ায় রক্তদাতাদের একটি করে ওয়াটার ফিল্টার দেওয়া হল। বিজেপির উলুবেড়িয়া দক্ষিণ ৬ নম্বর মণ্ডলের উদ্যোগে কুলগাছিয়া সুপার মার্কেটে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে শতাধিক পুরুষ ও মহিলা রক্তদান করেন। রক্তদানের শেষে তাঁদের হাতে উপহার হিসাবে মিষ্টি ও ওয়াটার ফিল্টার তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন এই উপলক্ষ্যে অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। বিভিন্ন বয়সের শতাধিক ছেলেমেয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক চিরণ বেরা, বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক গৌতম মুখোপাধ্যায়, প্রাক্তন জেলা সভাপতি অরুণউদয় পালচৌধুরী, শিবশঙ্কর বেজ প্রমুখ। এদিন রক্তদাতাদের উপহার দেওয়া প্রসঙ্গে গৌতম মুখোপাধ্যায় বলেন, উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার একাধিক এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা। মানুষের এই সমস্যা দূর করতে ওয়াটার ফিল্টার দেওয়া হয়েছে। দীর্ঘদিন অপেক্ষার পর রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার কারণে কিছু বিজেপি কর্মী, সমর্থক ওই ওয়াটার ফিল্টারগুলো আমাদের দিয়েছিলেন। আজ আমরা সেগুলোই রক্তদাতাদের হাতে তুলে দিলাম। নিজস্ব চিত্র



