Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্ধ বেসরকারি বাস চলাচল আরামবাগ মহকুমায় দুর্ভোগ চরমে

ঘোষণা মতোই বুধবার আরামবাগে বেসরকারি বাস চলাচল বন্ধ থাকল

বন্ধ বেসরকারি বাস চলাচল  আরামবাগ মহকুমায় দুর্ভোগ চরমে
  • ১৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ঘোষণা মতোই বুধবার আরামবাগে বেসরকারি বাস চলাচল বন্ধ থাকল। এদিন আরামবাগ মহকুমার সবক’টি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। তার জেরে যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। অচলাবস্থা কাটাতে অবশেষে বৃহস্পতিবার প্রশাসনের তরফে বৈঠক ডাকা হয়েছে। আজ দুপুরে মহকুমা প্রশাসন, পরিবহণ দপ্তর ও পূর্তদপ্তরের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে, বৃহস্পতিবারও বাস চলাচল বন্ধ থাকছে। ফলে যাত্রীভোগান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

হুগলি ইন্টার রিজিয়ন বাসমালিক সমিতির সভাপতি মির্জা গোলাম মোস্তফা বলেন, পূর্ব ঘোষণা মতো এদিন আমাদের সব রুটেই বাস চলাচল বন্ধ রাখা হয়। আজ, বৃহস্পতিবার প্রশাসনের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হলে তবেই বাস চালানো নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার রাতে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি করেন গোঘাটের বাসিন্দা তাপস দাস। কিন্তু, এদিন সকালে বাড়ি ফেরার জন্য আরামবাগ বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে বিপাকে পড়েন। তাপসবাবু বলেন, বাস বন্ধের জেরে বাড়ি ফিরতে গিয়ে সমস্যায় পড়েছি। অন্য কোনও গাড়িতে বাড়ি ফেরার মতো টাকা সঙ্গে নেই। অগত্যা বাড়ির লোককে ফোন করে বাইক নিয়ে আসতে বলেছি। এখন হাসপাতালে রোগী ভর্তি আছে। প্রতিদিন এভাবে যাতায়াত করতে হলে খুবই হয়রানি ও খরচ হবে।
আরামবাগের বাসিন্দা সীতা হালদার বলেন, বাস বন্ধ হয়ে যাওয়ায় যাতায়াত করতে সমস্যায় পড়েছি। মওকা বুঝে টোটো, অটোগুলি অতিরিক্ত ভাড়া চাইছে। এই পরিস্থিতিতে দ্রুত রামকৃষ্ণ সেতুর সংস্কার শেষ করে বাস চালানোর ব্যবস্থা করা প্রয়োজন।
আরামবাগের বাস-মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য বলেন, কাটা সার্ভিসের মধ্যে বাস চালিয়ে ব্যবসার সঙ্গে জড়িত প্রত্যেকেই ক্ষতির মুখে পড়েছি। দু’মাসের বেশি সময় ধরে কাটা সার্ভিস চলছে। কিন্তু রামকৃষ্ণ সেতুর কাজের অগ্রগতি তেমন নেই। তাই অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আজ প্রশাসনের বৈঠকে আমাদের দাবি পূরণে আশ্বাস না পেলে বাস বন্ধ থাকবে। উল্লেখ্য, গত ৯ আগস্ট দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙে যায়। তারপর গত ১৩ আগস্ট থেকে সেতুতে বাস চলাচল বন্ধ হয়েছে। আরামবাগের কালীপুরের অস্থায়ী বাসস্ট্যান্ড থেকে বাঁকুড়া, মেদিনীপুর প্রভৃতি জেলাগামী বাসগুলি চলাচল করছে। বাসমালিক সংগঠনের দাবি, কাটা সার্ভিসের জেরে ক্ষতির মুখে পড়ছে বাস ব্যবসা। তাই হাইটবারের উচ্চতা বাড়িয়ে বাস চলাচলের অনুমতি চেয়ে আবেদন জানানো হয়। কিন্তু সেই অনুমতি না পাওয়ায় বাস বন্ধের ঘোষণা করে মালিকপক্ষ। সেইমতো এদিন সকাল থেকেই আরামবাগ বাসস্ট্যান্ড কার্যত ফাঁকা থাকে। কালীপুরের অস্থায়ী বাসস্ট্যান্ডে কিছু বাস দাঁড়িয়ে থাকলেও যাত্রী ওঠানামা করেনি। বাসের পরিবর্তে আরামবাগ থেকে বহু টোটো, অটো, মারুতি গাড়ি যাত্রী পরিবহণে ভিড় জমায়। অভিযোগ, যাত্রীদের থেকে যথেচ্ছ ভাড়া চাওয়া হয়েছে। বহু যাত্রী বাধ্য হয়ে সেই ভাড়া দিয়ে যাতায়াত করেন। অনেক নিত্যযাত্রী এদিন বাইক নিয়েও কর্মস্থলে আসেন। তবে এই দুর্ভোগ কবে কাটবে, তার নিশ্চয়তা নেই। বাসিন্দাদের দাবি, পরিবহণজনিত দুর্ভোগ কাটাতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।

Advertisement
সম্পর্কিত সংবাদ