নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দিরা এবার থেকে ফোনে মাত্র চার মিনিটি কথা বলতে পারবে। এর আগে পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলার জন্য সময় ধার্য ছিল ১০ মিনিট। শুধু তাই নয়, কথোপকথনের ক্ষেত্রে বেশ কিছু কড়া পদক্ষেপ নিল জেল কর্তৃপক্ষ। কোন ফোন নম্বরে কথা বলতে চাইছে সংশ্লিষ্ট বন্দি, তা যাচাই করার পরই কথা বলার ছাড়পত্র মিলছে। উদ্দেশ্য হল, যাতে এই ধরনের বন্দি কোনও অবস্থাতেই সন্ত্রাসমূলক কাজকর্মের ছক কষতে না পারে। কারাদপ্তর সূত্রের খবর, রাজ্যের প্রতিটি সংশোধনাগারে বন্দিরা সপ্তাহে তিনদিন জেলের ফোন থেকে কথা বলার সুযোগ পান তাঁদের বাড়ির লোকজনের সঙ্গে। কারাকর্মীদের উপস্থিতিতে চলে এই কথোপকথন। রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্তরা যখন ফোনে কথা বলবে, গোটা কথোপকথনটা রেকর্ড করা হবে। কারা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই বন্দিরা কোন অবস্থাতাতেই কোনো ‘কনফারেন্স’ কলে অংশ নিতে পারবে না। বন্দির তরফে যে মোবাইল নম্বর আগাম দেওয়া থাকবে জেল কর্তৃপক্ষের কাছে। আলিপুর মহিলা সংশোধনাগারে আছে লস্কর জঙ্গি তানিয়া পারভিন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক অভিযোগের মামলা চলছে কলকাতার বিচারভবনে। জেল সূত্রে জানা গিয়েছে, কিছুদিনআগে এই অভিযুক্তের ফোন থেকে কথোপকথনের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা ছিল। বর্তমানে তা রদ হলেও, তার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলার ক্ষেত্রে এই লস্কর জঙ্গির বিষয়ে কড়া সর্তকতা ও নজরদারি রাখা হয়েছে বলে জেল সূত্রের খবর।



