Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়িতে লটারির নকল টিকিট ছাপিয়ে ভুয়ো ওয়েবসাইটে আপলোড ফলাফল!

কোটিপতি হওয়ার স্বপ্ন! তাও আবার মাত্র ৬ টাকায়! সেই নেশায় মুড়ি-মুড়কির মতো বিক্রি হচ্ছে লটারির টিকিট। এই সুযোগকে কাজে লাগিয়ে দুই ভাই খুলেছিল লটারির জাল চক্র! বাড়িতে ছাপানো হতো লটারির নকল টিকিট।

বাড়িতে লটারির নকল টিকিট ছাপিয়ে  ভুয়ো ওয়েবসাইটে আপলোড ফলাফল!
  • ১০ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কোটিপতি হওয়ার স্বপ্ন! তাও আবার মাত্র ৬ টাকায়! সেই নেশায় মুড়ি-মুড়কির মতো বিক্রি হচ্ছে লটারির টিকিট। এই সুযোগকে কাজে লাগিয়ে দুই ভাই খুলেছিল লটারির জাল চক্র! বাড়িতে ছাপানো হতো লটারির নকল টিকিট। সেই টিকিট বাজারে বিক্রি করা হতো। এমনকী, ভুয়ো ওয়েবসাইট বানিয়ে তাতে ওই লটারির ফলাফলও আপলোড করা হতো। সূত্র মারফত খবর পেয়ে এই জাল চক্রের কিনারা করল রাজারহাট থানার পুলিস। অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম রাকেশ মণ্ডল ও বিভাস মণ্ডল। রাজারহাটের বাজেতরফ এলাকায় তাদের বাড়ি। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিস।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস ধরেই দুই ভাই মিলে এই চক্রটি চালাচ্ছিল। বাড়িতে বসেই তারা বিভিন্ন সংস্থা ও কোম্পানির লটারির নকল টিকিট ছাপত। সেই টিকিট বিভিন্ন এলাকায় কিছু লোকের মাধ্যমে ছড়িয়ে দিত। দেখতে একইরকম হওয়ায় কেউ টের পেতেন না। আসল টিকিট ভেবেই ক্রেতারা ওই নকল টিকিট কিনতেন। ফলে, তাঁরা ঠকতেন। কারণ, ওই নম্বরের টিকিটের উপর লটারি হতো না। কিন্তু, বিষয়টি যাতে কেউ ধরতে না পারে, তার জন্য অভিযুক্তরা একটি ভুয়ো ওয়েবসাইট খুলেছিল। সেখানে লটারির ফলাফল দেওয়া হতো। তবে, ওই ভুয়ো ফলাফলে কেউই পুরস্কার জিততেন না। ক্রেতারা ভাবতেন, তাঁদের কপালের দোষ! তাই পুরস্কার মেলেনি!
রাজারহাট থানার পুলিস দুই ভাইয়ের বাড়িতে আচমকা অভিযান চালিয়ে নকল লটারির টিকিট, কম্পিউটার, প্রিন্টার, ওয়াইফাই, রাউটার সহ বেশ কিছু জিনিস উদ্ধার করে। পুলিস জানিয়েছে, ধৃতরা জেরায় অপরাধের কথা স্বীকার করেছে। তবে, দুই ভাই কি এই চক্রটি চালাত? নাকি তাদের সঙ্গে আরও কেউ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ