নয়াদিল্লি: বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সন্ধ্যায় রাজধানীতে নিজের বাসভবনে হরমনপ্রীত কাউর ব্রিগেডকে অভিনন্দন জানালেন তিনি। নভি মুম্বইয়ে অনুষ্ঠিত ফাইনালে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী। তবে এদিন কয়েক ঘণ্টা ধরে কথা বলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের সঙ্গে।
ক্যাপ্টেন হরমনপ্রীত শোনান ২০১৭ সালে বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের স্মৃতি। সেবার তাঁদের সঙ্গে ট্রফি ছিল না। এবার আর খালি হাতে আসেনি টিম ইন্ডিয়া। এদিন বিশ্বকাপ নিয়ে ছবিও তোলেন প্রধানমন্ত্রী। তাঁর হাতে তুলে দেওয়া হয় মহিলা দলের জার্সিও। বিশ্বকাপে সেরা ক্রিকেটারের সম্মান পাওয়া দীপ্তি শর্মা বলেন, ‘২০১৭ সালের সাক্ষাতে প্রধানমন্ত্রী আরও পরিশ্রম করতে বলেছিলেন আমাদের। আমরা তা করে দেখিয়েছি।’ ভাইস-ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা জানান ক্রীড়াক্ষেত্রে নারীদের অগ্রগতির কথা। তিনি বলেন, ‘মহিলারা এখন সব ধরনের খেলাতেই সাফল্য পাচ্ছে।’
ফাইনালে শেষ ক্যাচটা নেওয়ার পর হরমনপ্রীতের অনুভূতির কথা জানতে চান প্রধানমন্ত্রী। বিশ্বজয়ী ক্যাপ্টেন বলেন, ‘আমি লাকি যে বলটা আমার দিকেই এসেছিল। বাকিটা ভাষায় বোঝাতে পারব না।’ প্রোটিয়া ক্যাপ্টেন লরা উলভার্টের ক্যাচ তিনবারের চেষ্টায় তালুবন্দি করেছিলেন আমনজ্যোৎ কাউর। সেটাই নিশ্চিত করে ভারতের জয়। সেই ক্যাচের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্যাচ নেওয়ার সময় তুমি নিশ্চয়ই বল দেখছিলে। আর সেটা তালুবন্দি করার পর নির্ঘাত ট্রফি দেখতে পাচ্ছিলে।’
এদিকে, বিশ্বকাপ জয়ের পর হাতে নতুন ট্যাটু করেছেন হরমনপ্রীত ও মান্ধানা। ভারতীয় অধিনায়ক সেই ট্যাটুর ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে বিশ্বকাপের সঙ্গে দুটো সংখ্যা লেখা রয়েছে। তা হল ‘২০২৫’ ও ‘৫২’। প্রথমটি চিহ্নিত করছে বিশ্বজয়ের বছর। দ্বিতীয় সংখ্যাটি জয়ের ব্যবধান। ৩৬ বছর বয়সি তারকা পোস্ট করেছেন, ‘চিরদিনের জন্য এটা আমার ত্বক ও হৃদয়ে খোদাই করে রাখলাম। ক্রিকেট কেরিয়ারের প্রথম দিন থেকেই এটার জন্য অপেক্ষা করছিলাম। এখন প্রত্যেক দিন সকালেই বিশ্বকাপ দেখতে পারব।’ মান্ধানা অবশ্য ট্যাটুর ছবি পোস্ট করেননি। তবে বোর্ডের পোস্ট করা একটি ভিডিওতে একই ধরনের ট্যাটু দেখা গিয়েছে স্মৃতির ডান হাতে। এদিকে, বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন ভারতীয় মহিলা ক্রিটেকাররা।