নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ আগস্ট দমদমে বিশেষ কর্মসূচিতে অংশ নিতে পারেন তিনি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। ২০২১ সালে বহু চেষ্টা করেও বাংলায় সরকার গড়তে ব্যর্থ হয়েছে গেরুয়া পার্টি। এবার আরও আগে থেকে পশ্চিমবঙ্গে মাসে একবার করে আসার সিদ্ধান্ত নিয়েছেন মোদি। গত ২৯ মে আলিপুরদুয়ারে জনসভা করেন তিনি। তারপর ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের প্রাক্কালে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী। বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর গত ১৮ জুলাই দুর্গাপুরে বিজেপি কর্মী-সমর্থকদের রাজনৈতিক বার্তা দিয়েছিলেন তিনি। এবার দমদমকে বেছে নেওয়া হয়েছে। গত লোকসভা ভোটে এই দমদম লোকসভা কেন্দ্র থেকেই পদ্ম প্রতীকে লড়েছিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি।



