নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স’। যা দেশের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়ামে। আগামী ১৫ সেপ্টেম্বর ওই কনফারেন্সের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সশস্ত্র বাহিনীর ওই সর্বোচ্চ কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ তিন বাহিনীর পদাধিকারীরাও। সোমবার প্রতিরক্ষা মন্ত্রক থেকে এই অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, ওই কনফারেন্সে দেশের প্রতিরক্ষায় সংস্কার, বদল, রূপান্তর এবং অপারেশনাল প্রস্তুতির উপরে বিশেষ জোর দেওয়া হবে।
কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার জবাবে ‘অপারেশন সিন্দুরে’ নিজেদের দক্ষতা দেখিয়েছে ভারতের তিন সশস্ত্র বাহিনী। অপারেশন সিন্দুরের পর উত্তরবঙ্গে রাজনৈতিক সফরে এসেছিলেন মোদি। সম্প্রতি, কলকাতায় মেট্রোর উদ্বোধনেও এসেছিলেন তিনি। তবে, এবার প্রতিরক্ষার অনুষ্ঠানে কলকাতায় আসছেন। যা বিশেষ তাৎপর্যপূর্ণ। সঙ্গে প্রতিরক্ষার সর্বোচ্চ পদাধিকারীরা থাকছেন। সেনার ইস্টার্ন কমান্ডের অধীনে চীন সীমান্ত রয়েছে। অরুণাচলের বেশকিছু এলাকা ‘স্পর্শ কাতর’। অতীতে অশান্তিও হয়েছে। সেই সঙ্গে কলকাতার অদূরেই রয়েছে বাংলাদেশ সীমান্ত। গত বছর থেকেই উত্তেজনা চলছে। যদিও বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাকে হস্তক্ষেপ করতে হয়নি।
প্রসঙ্গত, আমেরিকার সঙ্গে শুল্ক লড়াইয়ের মধ্যেই চীনের তিয়ানজিনে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেখানে রাশিয়া এবং চীনের প্রেসিডেন্টের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তারপর এই বৈঠকে আসবেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর কলকাতার ফোর্ট উইলিয়াম তথা ‘বিজয় দুর্গে’ তিনদিন ধরে ওই কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স অনুষ্ঠিত হবে। প্রথমদিন আগামী ১৫ সেপ্টেম্বর ওই কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।