Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

কমল দাম, ধনতেরসের দ্বিতীয়দিনে সোনার দোকানে গয়না কেনার ধুম

ধনতেরাসের দ্বিতীয় দিন রবিবার কমল সোনার দাম। এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম গয়না সোনার দাম ছিল ১ লক্ষ ২২ হাজার টাকা। ধরতেরাসের প্রথম দিন শনিবার দাম ছিল ১ লক্ষ ২৫ হাজার টাকার মতো।

কমল দাম, ধনতেরসের দ্বিতীয়দিনে সোনার দোকানে গয়না কেনার ধুম
  • ২০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ধনতেরাসের দ্বিতীয় দিন রবিবার কমল সোনার দাম। এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম গয়না সোনার দাম ছিল ১ লক্ষ ২২ হাজার টাকা। ধরতেরাসের প্রথম দিন শনিবার দাম ছিল ১ লক্ষ ২৫ হাজার টাকার মতো। এদিন প্রতি ১০ গ্রামে ৩০০০ টাকা কমায় খুশি ক্রেতারা। এদিন সকাল থেকেই বিভিন্ন সোনার দোকানে ক্রেতাদের ভিড় ছিল। পাড়ার ছোট গয়নার দোকান থেকে শুরু করে নামী বহুজাতিক সংস্থার দোকানে ভিড় লক্ষ্য করা গিয়েছে। সন্ধ্যার দিকে দোকানে উপচে পড়া ভিড় সামাল দিতে অনেকেই হিমশিম খান। ধনতেরাসে কেনাকাটার শুভ সময় হিসেব করেই এদিন ক্রেতারা দোকানে এসেছেন। দুপুর ও সন্ধ্যায় ব্যাপক ভিড় হয় খাগড়ার সোনাপট্টিতে।

Advertisement

এদিন অধিকাংশ দোকানেই সোনার গয়নার চাহিদা বেশি ছিল। রুপোর গয়না ও বিভিন্ন দ্রব্যের চাহিদাও ছিল। বহরমপুরের সোনাপট্টির সরু গলিগুলিতে মাঝেমধ্যেই যানজট তৈরি হয়। এদিন সোনার দোকানগুলির সামনে বাড়তি নিরাপত্তা রক্ষী নিয়োগ করেন ব্যবসায়ীরা। পুলিশ বাহিনীও এদিন বাইক ও স্কুটি নিয়ে সোনার দোকানের অলি গলিতে টহল দেয়। 
মুর্শিদাবাদ জেলা বুলিয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তথা একটি নামি গয়নার প্রতিষ্ঠানের কর্ণধার রাজীব ধর বলেন, দু’দিন ধরে মানুষ ভালোই কেনাকাটা করেছে। ছোট বড় সমস্ত দোকানেই ক্রেতারা এসেছেন। বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের মতো করে ক্রেতা টানার জন্য বিভিন্ন অফার দিয়েছে। তাতে অনেকটাই সুরাহা হয়েছে ক্রেতাদের। সোনার চাহিদা যেমন ছিল তেমনই রুপোর লক্ষ্মী-গণেশ ও মাছ কেনার হিড়িক ছিল ভালোই। অনেকেই সোনা, রুপোর কয়েনও কিনেছেন। 
নতুনবাজারের একটি বহুজাতিক সংস্থার শোরুমের ম্যানেজার বলেন, আমাদের এখানে প্রত্যেক ক্রেতাকে একটি করে রুপোর কয়েন উপহার দেওয়া হয়েছে। যে যতটুক সোনা কিনেছেন, তার বিলের উপরই উপহার মিলেছে। এছাড়া গয়নার মজুরিতেও কিছুটা ছাড় মিলেছে।
খাগড়ার সোনাপট্টির এক ব্যবসায়ী সুব্রত মজুমদার বলেন, রুপোর মাছের চাহিদা গত দু’দিনে খুব বেড়ে যায়। রবিবার দুপুরের পর ছোট আকারের মাছ পাওয়া যাচ্ছিল না। অনেকেই রুপোর মাছ না পেয়ে লক্ষ্মী-গণেশের রুপোর কয়েন কিনেছেন। অনেকে আবার সোনার গয়নার বেশি দাম দেখে রুপোর থালা বাসনও কিনেছেন। তবে শনিবারের তুলনায় রবিবার সোনার দাম কিছুটা কমায় খুশি ক্রেতারা। তবে এবছর দামের জন্য ব্যবসা কেমন হবে, তা নিয়ে চিন্তায় ছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা। তবে সর্বোপরি বাজার বেশ ভালো।
গোরাবাজারের গৃহবধূ উৎসা মুখোপাধ্যায় বলেন, দুর্গাপুজোর সময় একটা গয়না কেনার ইচ্ছা ছিল। এদিন ধনতেরাস উপলক্ষ্যে মেকিং চার্জের উপর ছাড় পাওয়া গিয়েছে। এদিন সোনার দাম কিছুটা কমেছে। আরও একটু কমলে একটা বড় জিনিস কেনার ইচ্ছা আছে।  -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ