নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিবালোকে শহরে পরপর কেপমারি। তাও আবার পুলিশ পরিচয় দিয়ে! দুষ্কৃতীদের হাত থেকে বাঁচানোর কথা বলে দেদার হাতসাফাই চালাচ্ছে কেপমাররা! টার্গেট সোনার গয়না। পার্ক স্ট্রিট ও বেনিয়াপুকুর থানা এলাকায় এক সপ্তাহের ব্যবধানে পরপর দুটি কেপমারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতারণার ধরন প্রায় এক। দুটি পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি দুটি থানা এলাকায় একই কায়দায় কেপমারি হওয়ায় একটিই সক্রিয় গ্যাংয়ের যুক্ত থাকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে নিশ্চিত হতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
গত ১৪ নভেম্বর জেলার যুবক শহরে এসে এই ফাঁদে পড়েন। খোয়া যায় তাঁর সোনার আংটি ও টাকা। অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুলের সামনের রাস্তায় ভরদুপুরে ঘটনাটি ঘটে। নদীয়ার বাসিন্দা ওই যুবকের নাম শ্রীপণ মণ্ডল। তিনি ব্যক্তিগত কাজে শহরে এসেছিলেন। তাঁর অভিযোগ, চারজন অপরিচিত ব্যক্তি তাঁর কাছে আসে। নিজেদের পুলিশ বলে পরিচয় দেয় তারা। শ্রীপণকে তারা বলে, ‘এই এলাকায় ছিনতাইবাজ সহ দুষ্কৃতীদের প্রকোপ বেড়েছে। গায়ে কোনো সোনার গয়না পরে এই এলাকা দিয়ে চলাফেরা করবেন না। গয়না খুলে ব্যাগে রাখুন।’ শ্রীপণের হাতে সোনার আংটি ছিল। সেটি মানিব্যাগে রাখার নির্দেশ দেয় নিজেদের পুলিশ দাবি করা ওই চার আগন্তুক। ‘পুলিশ’-এর সাবধানবাণী মেনে যুবক আংটি খুলে মানিব্যাগে রাখতে যান। তাদের কথাবার্তা চলতে থাকে। আর এসবের মধ্যেই হয়ে যায় হাতসাফাই। নিমেষে সোনার আংটি ও মানিব্যাগে থাকা ৫০০ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন নদীয়ার যুবক। তার ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। চার যুবককে চিহ্নিত করতে ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
কিছুদিন আগে পার্ক স্ট্রিটের অদূরে বেনিয়াপুকুর থানা এলাকায়ও একই কায়দায় কেপমারির অভিযোগ এসেছে। এক্ষেত্রেও একইভাবে পুলিশ হিসাবে সতর্কতার বার্তা দিয়ে এক বৃদ্ধার থেকে ১ লক্ষ টাকা মূল্যের সোনার দুল হাতিয়ে বেপাত্তা হয়ে যায় কেপমাররা। ২৬ অক্টোবর সকালে ঘটনাটি ঘটে সৈয়দ আহমেদ রোডে। পুলিশ জানিয়েছে, বৃদ্ধার বয়স ৬১ বছর। সরল বিশ্বাসে তিনি ওই গয়না খুলে দেন। প্রায় একইরকম দেখতে নকল গয়নার সঙ্গে বদলে দেওয়া হয় সেই কানের দুল। বুঝতে পারেননি বৃদ্ধা। সেই সুযোগে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তকারীরা জানাচ্ছেন, এই ঘটনায় বেনিয়াপুকুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। দুষ্কৃতীদের কাছে কোনো বাইক বা স্কুটার ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে স্কুটারের নম্বরপ্লেটের সূত্র ধরে অভিযুক্তদের সন্ধান করা সম্ভব হবে। সেই সঙ্গে এলাকায় ‘ম্যানুয়াল সোর্স’ সক্রিয় করেছে লালবাজার। কেপমারির নেপথ্যে কোন গ্যাং, জানার চেষ্টা চলছে।



