নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপের ঢাকে কাঠি পড়ে গেল। শুক্রবার নয়াদিল্লিতেঐতিহ্যশালী টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। এবার মোট ছ’টি ভেন্যুতে আয়োজিত হবে ডুরান্ড কাপ। আগামী ২৩ জুলাই টুর্নামেন্টের উদ্বোধন। প্রথম ম্যাচেই মাঠে নামবে ইস্ট বেঙ্গল। খেতাবি লড়াই ২৩ আগস্ট। যুবভারতী ছাড়াও কিশোর ভারতী স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচ। ডুরান্ডের কথা মাথায় রেখে দ্রুত সিনিয়র দলের অনুশীলন শুরুর ভাবনায় ইস্ট বেঙ্গল।
এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ডুরান্ড কাপ। অথচ আইএসএলের অনিশ্চয়তার কারণে এবার ডুরান্ডে খেলতে আগ্রহী নয় অধিকাংশ ক্লাব। তবে মোহন বাগানকে খেলাতে মরিয়া আয়োজকরা। শেষ মুহূর্তে সেনাবাহিনীর তরফে গঙ্গাপাড়ের ক্লাবের সঙ্গে যোগাযোগ করা হয়। এই বিষয়ে সভাপতি দেবাশিস দত্ত বলেন, ‘ডুরান্ড কাপের ব্যাপারে সেনাবাহিনী চিঠি পাঠিয়েছিল। সেই ভিত্তিতে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে। কিছু সমস্যা রয়েছে। তবে তা মিটিয়ে টুর্নামেন্টে যোগ দেওয়ার ব্যাপারে আশাবাদী।’ উল্লেখ্য, গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড, পাঞ্জাব এফসি, জামশেদপুর এফসি ডুরান্ডে অংশগ্রহণ করছে। এছাড়া আই লিগে উত্তীর্ণ হওয়া ডায়মন্ডহারবার এফসিকেও ঐতিহ্যশালী টুর্নামেন্টে খেলতে দেখা যাবে। বিদেশি দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। চূড়ান্ত সূচি এখনও প্রকাশিত নয়।