Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্যুটিং সামলে পরীক্ষার প্রস্তুতি

বাগদেবীর আরাধনায় আজ মেতেছেন সকলে। বই খাতা জমা রয়েছে দিন দু’য়েকের জন্য।

শ্যুটিং সামলে পরীক্ষার প্রস্তুতি
  • ২৩ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

পূর্বাশা দাস: বাগদেবীর আরাধনায় আজ মেতেছেন সকলে। বই খাতা জমা রয়েছে দিন দু’য়েকের জন্য। কিন্তু সরস্বতী পুজোর আনন্দের মধ্যেই পরীক্ষা নিয়ে টেনশনে রয়েছেন দুই অভিনেত্রী। ছোটপর্দার দুই জনপ্রিয় মুখ সাইনা চট্টোপাধ্যায় এবং তানিষ্কা তিয়ারির সামনেই জীবনের বড় পরীক্ষা। শ্যুটিংয়ের ফাঁকে তার প্রস্তুতি কেমন চলছে?

Advertisement

‘কনে দেখা আলো’ ধারাবাহিকের লাজবন্তী এবং ‘কুসুম’ ধারাবাহিকের কুসুম এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ত। শ্যুটিংয়ের ফাঁকেই চলছে পড়াশোনা। দিনের যে কোনও সময় সুযোগ পাওয়া গেলেই তা কাজে লাগিয়ে নিচ্ছেন দু’জনে। একটুও সময় নষ্ট করা চলবে না। টেলিফোনে সাইনা বললেন, ‘আমি এখনও পড়ছি। শ্যুটিংয়ের ফাঁকে যেটুকু সময় পাচ্ছি সেই সময়টাও আমি পড়ার মধ্যে ডুবে থাকছি।’ মেয়ের বোর্ডের পরীক্ষা দরজায় কড়া নাড়ছে। তাই সাইনার মা সংযুক্তা চট্টোপাধ্যায়ও মেয়ের পড়াশোনার তদারকিতে কোনও ফাঁক রাখছেন না। কথায় কথায় সংযুক্তা বলেন, ‘ডল (সাইনার ডাকনাম) সারাক্ষণ পড়ছে। ধারাবাহিকের সকলে খুব সাহায্য করছেন। পরীক্ষার সময় শ্যুটিং করতে পারবে না তাই ব্যাঙ্কিং তুলে রাখার চেষ্টা চলছে। ওকে নিয়ে আমি একটা সময় একটু টেনশনেছিলাম। কিন্তু, ডল খুব সুন্দর ভাবে সবটা সামলে নিয়েছে। এখন ও শুধু রিভিশনের উপর রয়েছে। ডলের প্রিয় বিষয় ইংরেজি। ভবিষ্যতে সাইকোলজি নিয়ে পড়তে চায়। সেই মতো ওর সব পরিকল্পনাও তৈরি রয়েছে। সাইনার উপর ওর বাবার (অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়) আশীর্বাদ রয়েছে। অভি সবটা দেখছে, সব ভালো হবে।’

শ্যুটিংয়ের ফাঁকে জোরকদমে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন পর্দার ‘কুসুম’ অর্থাৎ তানিষ্কাও। তিনি বলেন, ‘রাত ন’টায় শ্যুটিং শেষ হওয়ার পর বাড়ি ফিরতে সাড়ে দশটা হয়ে যায়। এরপর রাত এগারোটা থেকে দুটো আড়াইটে পর্যন্ত একটানা পড়ি। তারপর আবার ভোরবেলা উঠতে হয়। সকাল আটটায় কল টাইম থাকে। শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকেও পড়ে নেওয়ার চেষ্টা করি।’ ইতিহাস এবং ইংরেজি পড়তে সব থেকে বেশি ভালো লাগে তানিষ্কার। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে পরীক্ষা শুরু হচ্ছে অভিনেত্রীর। ভবিষ্যতে ফিল্ম স্টাডিস নিয়ে পড়তে চান তিনি। অভিনেত্রী হওয়ার স্বপ্নে বিভোর তানিষ্কা। কথাতে আছে, ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। ঠিক তেমনই এই দুই অভিনেত্রীর অভিনয়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে পরীক্ষার প্রস্তুতিও।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ