কাজল মণ্ডল, ইসলামপুর: খুঁটিপুজোর মধ্য দিয়ে ডালখোলার বীরপল্লি মহিলা পুজো কমিটি দুর্গাপুজোর জোর প্রস্তুতি শুরু করল। বৃহস্পতিবার বীরপল্লি মাঠে খুঁটিপুজো হয়। ডালখোলা পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার, স্থানীয় সমাজসেবী সনু চৌধুরী, কানু ঘোষ, সত্যেন্দ্রনাথ দাস ও নিখিল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
ডালখোলার মধ্যে বীরপল্লির মহিলাদের পুজো অন্যতম। প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের মন জয় করতে কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করেছেন। এবারের থিম ‘নারী শক্তি’। পুজো কমিটির সম্পাদক মনিকা দে বলেন, আমাদের পুজোর এবার ৩৫ তম বর্ষ। সমাজে নারীরাও কোনও অংশে কম নন। পরিবার, সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে নারীরাও পুরুষের সঙ্গে সমানভাবে যোগদান করে থাকেন। সেই বার্তাই নারী শক্তি থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। প্রতিমা ও মণ্ডপ শিল্পীরা নিপুণ দক্ষতায় সেই থিম ফুটিয়ে তুলবেন। পুজো কমিটির সভাপতি ঝর্ণা বিশ্বাস, কোষাধ্যক্ষ রিনা সেন বলেন, প্রতিবারের মতো দর্শনার্থীদের কাছে বীরপল্লির পুজো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে।মহিলা পরিচালিত পুজো হলেও পুরুষদের অংশগ্রহণ যে একেবারেই নেই, তেমন নয়। মনিকা বলেন, শুরুতে পাড়ার ছেলেরাই পুজো করত। পরে সবাই নানা পেশায় যুক্ত হওয়ায় সেভাবে সময় দিতে পারছে না। তাই মহিলারা পুজোর দায়িত্ব নিয়েছেন। গত ছ’বছর তাঁরাই পুজো পরিচালনা করছেন। সংসার সামলে পুজোর আয়োজন করা একটু চাপের। তবে পুরুষরাও অনেক সহযোগিতা করেন। সমাজসেবী সনু চৌধুরী, কানু ঘোষ, সত্যেন্দ্রনাথ দাস ও নিখিল সরকার অগ্রণী ভূমিকা পালন করেন আয়োজনে।
সনু বলেন, যে রাঁধে, সে চুলও বাঁধে। তার উদাহরণ এখনকার মহিলারা। তাঁরা সংসার সামলে পুজোর সমস্ত আয়োজন করেন।
কমিটির অন্যান্য সদস্যরা জানিয়েছেন, পুজোকে কেন্দ্র করে পাড়ার বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলাদের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে পাড়ার ছেলেমেয়েরা তাদের প্রতিভা সবার সামনে তুলে ধরতে পারে। নিজস্ব চিত্র