Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

মোয়া হাব চালুর প্রস্তুতি, ব্যবসায়ী ও শিউলিদের প্রশিক্ষণের উদ্যোগ

জয়নগরের মোয়া বিখ্যাত। জিআই স্বীকৃতি পাওয়ার পর এই মিষ্টান্ন আরও নামজাদা হয়ে উঠেছে। মোয়ার প্রসার ঘটাতে উদ্যোগী রাজ্য সরকারও।

মোয়া হাব চালুর প্রস্তুতি, ব্যবসায়ী  ও শিউলিদের প্রশিক্ষণের উদ্যোগ
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: জয়নগরের মোয়া বিখ্যাত। জিআই স্বীকৃতি পাওয়ার পর এই মিষ্টান্ন আরও নামজাদা হয়ে উঠেছে। মোয়ার প্রসার ঘটাতে উদ্যোগী রাজ্য সরকারও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মোয়া হাব তৈরির কথা ঘোষণা করেছিলেন। এরপর জয়নগর-মজিলপুর পুরসভা এলাকায় খাদি গ্রামীণ শিল্প বোর্ড মোয়া হাবের বাড়ি তৈরি করে ফেলেছে। এসে গিয়েছে ইতালি থেকে প্যাকেজিংয়ের মেশিন। এবার দ্রুত হাব চালুর জন্য জোরদার প্রস্তুতি নিয়েছে প্রশাসন। মোয়া ব্যবসায়ী -গুড় প্রস্তুতকারীদের নিয়ে একটি সোসাইটি গঠন হয়েছে। সোসাইটির নাম, ‘জয়নগর মোয়া হাব সোসাইটি’। এরপর রেজিস্ট্রেশন হওয়ার পর মেশিন সংক্রান্ত বিষয়ে তাঁদের প্রশিক্ষণ দেবে খাদি বোর্ড। জয়নগর এক ও দু’নম্বর ব্লকের শিল্প উন্নয়ন আধিকারিক শ্রেয়া বর্গী বলেন, অতি দ্রুত মোয়া হাব চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের মেশিনের ট্রেনিং হবে। স্বাস্থ্যবিধি মেনে মোয়ার গুণমান ঠিক রাখার জন্য সংরক্ষণের পদ্ধতি নিয়েও প্রশিক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে। ৪০ সদস্য আছেন সোসাইটিতে। ন’জনের মূল কমিটি। খাদি গ্রামীণ বোর্ড ঠিক করবে কতজন ব্যবসায়ী ও গুড় প্রস্তুতকারক ট্রেনিং নেবেন।

Advertisement

জয়নগর-মজিলপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডে পুরসভার একটি মাঠ আছে। সেখানে সাড়ে চার কাঠা জমিতে হাব তৈরি হয়েছে। দু’কোটি ১২ লক্ষ টাকা খরচ হয়েছে। দোতলা ভবনটিতে থাকবে কমন ফেসিলিটি সেন্টার। বিদেশি অত্যাধুনিক প্যাকেজ মেশিন ব্যবহার হবে। এর ফলে মোয়া রপ্তানি সহজ হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। মোয়া হাব দ্রুত চালু হোক চাইছিলেন জয়নগর ও বহরুর ব্যবসায়ীরা। এই বিষয়ে উদ্যোগ নেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল। সম্প্রতি তিনি ব্যবসায়ী ও প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী চেয়েছেন হাব তাড়াতাড়ি চালু হোক। ব্যবসায়ী ও শিউলিদের নিয়ে সোসাইটি গড়ে আলাদা কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও পদাধিকার বলে কাজ দেখভালের জন্য জয়নগরের বিধায়ক, জয়নগর-মজিলপুর পুরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতিরা থাকবেন। মোয়া ব্যবসায়ী গণেশ দাস বলেন, প্রশাসনের সক্রিয়তায় হাব দ্রুত চালু হবে। সবরকম তোড়জোড় শুরু হয়েছে। ব্যবসায়ী রঞ্জিত ঘোষ ও বাবলু ঘোষ বলেন, অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য সোসাইটির সদস্যরা আবেদন করবেন। মেশিন চালাতে শেখা এবং কীভাবে মোয়ার গুণমান বাড়বে তাও হাতেকলমে শেখানো হবে। তারপর হাব চালু হয়ে যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ