সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট জেলা হাসপাতাসে আট অসুস্থ প্রসূতির অবস্থা স্থিতিশীল হতেই সিসিইউ ব্লক থেকে তাঁদের জেনারেল বেডে দেওয়া হল। বুধবার ওই অসুস্থ মায়েদের বেডে তাঁদের শিশুদেরও দেওয়া হয়েছে। এদিনও হাসপাতালে রোগীদের দেখতে যান মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ অন্য আধিকারিকরা।
হাসপাতাল সূত্রের খবর, প্রসূতিদের সংক্রমণ অনেকটা কমেছে। প্রায় স্বাভাবিক। দু-একদিনের মধ্যে তাঁদের ছুটি দেওয়া হবে বলে ডাক্তাররা জানিয়েছেন। সিসিইউ থেকে রোগীদের প্রসূতি ওয়ার্ডে দেওয়ায় স্বস্তি পরিজনদের মধ্যেও। তবে কী থেকে প্রসূতিদের এই সংক্রমণ এবং অসুস্থতা, তা নিয়ে এখনও ধোঁয়াশা। কী থেকে এই সংক্রমণ এখন বলা সম্ভব নয়। পূর্ণাঙ্গ রিপোর্ট পেলেই জানা যাবে-বলেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তবে রোগীরা প্রায় সুস্থ হয়ে গিয়েছেন বলে দাবি তাঁর। সুদীপের কথায়, আজ ওই রোগীদের সিসিইউ থেকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। শারীরিক অবস্থা দেখে দু-একদিনের মধ্যে তাঁদের ছেড়ে দেওয়া হবে।
গত শুক্রবার রাতে ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরপর প্রসূতি বিভাগের রোগীরা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। কেউ জ্বরে কাঁপছিলেন, আবার কারও শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তড়িঘড়ি ওই রোগীদের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে রাতে তাদের সিসিইউ ব্লকে পাঠানো হয়েছিল। গত কয়েকদিন সিসিইউ বেডে রেখে রোগীদের দেখভাল করছিল মেডিক্যাল বোর্ড। ওই রোগীদের শরীরে ব্যাপক সংক্রমণ ধরা পড়েছিল। তা আপাতত স্বাভাবিক হয়েছে। কিন্তু কী থেকে এই সংক্রমণ তা নিয়ে নানা দিক উঠে আসছে।
হাসপাতাল সূত্রের খবর, প্রাথমিকভাবে ওই রোগীদের একটি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তা থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ে। আশঙ্কা থেকে সেই ব্যাচের ইঞ্জেকশন ব্যবহার জেলাজুড়ে বন্ধ করা হয়। হাসপাতালের অপারেশন থিয়েটার থেকেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এনিয়ে অপারেশন থিয়েটারে কোয়ালিটি অ্যাসুরেন্স টিম গত বৃহস্পতিবার পরিদর্শন করে। নানা নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষাগুলির কিছু রিপোর্ট এসেছে। তা থেকে এখনও কিছুই সামনে আসেনি। হাসপাতাল ও স্বাস্থ্য দপ্তরের দাবি, পূর্ণাঙ্গ রিপোর্ট এলেই ওই ঘটনার কারণ প্রসঙ্গে বিস্তারিত বলা যাবে। তবে রোগীরা সুস্থ হয়ে ওঠায় আপাতত স্বস্তি স্বাস্থ্য দপ্তরে। খুশি রোগীর পরিজনরাও। এক রোগীর আত্মীয় পাপিকা দাস বলেন, আমাদের রোগী এখন সুস্থ রয়েছে। আজই মায়ের কাছে শিশুদের দেবে বলে হাসপাতাল জানিয়েছে।