Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মঙ্গলবাড়িতে নীলবাতি লাগানো গাড়ির ধাক্কায় জখম অন্তঃসত্ত্বা, ভাঙচুর জনতার

বুধবার রাতে পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়িতে পুরনো জাতীয় সড়কে পূর্ত দপ্তরের অধীনে থাকা একটি নীলবাতি লাগানো গাড়ি বেপরোয়াভাবে চালানোর অভিযোগ উঠল

মঙ্গলবাড়িতে নীলবাতি লাগানো গাড়ির ধাক্কায় জখম অন্তঃসত্ত্বা, ভাঙচুর জনতার
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: বুধবার রাতে পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়িতে পুরনো জাতীয় সড়কে পূর্ত দপ্তরের অধীনে থাকা একটি নীলবাতি লাগানো গাড়ি বেপরোয়াভাবে চালানোর অভিযোগ উঠল। সেই সময় ওই গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে এক অন্তঃসত্ত্বার কোমরে চোট লাগে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। প্রিয়া হালদার নামে ওই বধূর বাড়ি পুরাতন মালদহ শহরের ১২ নম্বর ওয়ার্ডে। দুর্ঘটনাকে ঘিরে রাতে মঙ্গলবাড়িতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি রেখে চম্পট দেয় চালক। উত্তেজিত জনতা ওই সরকারি গাড়িটি ভাঙচুর করে। পরে খবর পেয়ে মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তাদের সঙ্গে কয়েকজন যুবকের তর্কাতর্কি হয়। পরে অবশ্য পুলিশ আধিকারিকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Advertisement

এদিকে, একাংশ যুবক ওই ঘাতক গাড়ির চালককে দুর্ঘটনাস্থল কিছুটা দূরে একটি গলির মধ্যে থেকে ধরে ফেলে। তাকে মারধর করা হয়। পুলিশ ওই চালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নীল বাতি লাগানো গাড়িটি পূর্তদপ্তরের অধীনে রয়েছে। গাড়িটি গাজোল দিক থেকে ইংলিশবাজারের দিকে আসছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুরাতন মালদহে যখন গাড়িটি প্রবেশ করে, তখন সেটি একাধিক জায়গায় দুর্ঘটনা ঘটায়। এক টোটো চালক প্রাণে বেঁচে যান। শহরের একটি মার্কেটের আগে বাইকে পিছনে গাড়িটি ধাক্কা মারে। এতে ওই মহিলা পড়ে গিয়ে জখম হন। 
স্থানীয় বাসিন্দা রাজেশ মালাকার বলেন, চালক মদ্যপ ছিল। মালদহ জেলা পূর্তদপ্তরের কোনও আধিকারিক এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি। মালদহ থানার পুলিশ জানিয়েছে,  গাড়ির চালককে আটক করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।  গাড়ি ঘিরে স্থানীয়রা।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ