নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গদি টলমল করছে। ইতিমধ্যে জমা পড়েছে অনাস্থা প্রস্তাব। এমনকি ‘ডিম থেরাপি’র শিকার হতে হয়েছে খোদ নিজের চেম্বারের মধ্যে! তারপর থেকে আর অফিসের পথে পা বাড়াচ্ছেন না জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। শনিবারও তার ব্যতিক্রম হল না। এদিনও অফিসে দেখা মিলল না সৈকতের। অনুপস্থিত ভাইস-চেয়ারম্যান এবং বাকি কাউন্সিলাররা। একা অফিস সামলাচ্ছেন এগজিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র।
রাজনৈতিক অস্থিরতার কারণে চূড়ান্ত প্রশাসনিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে জলপাইগুড়ি পুরসভায়। ভোগান্তি সাধারণ মানুষের। পুরসভা ভবনে এসে চেয়ারম্যানের দেখা না পেয়ে ফিরে যাচ্ছেন বহু মানুষ। সামগ্রিকভাবে পরিষেবাও লাটে ওঠার জোগাড়। তারই খণ্ড চিত্র ধরা পড়ল ৯ নম্বর ওয়ার্ডে। পথে চলতে চলতে দেখা গেল, পুরসভার লাগানো বেশ কয়েকটি কল খারাপ হয়ে গিয়েছে। ফলে রাস্তার পাশে ক্রমাগত জল পড়ে নষ্ট হচ্ছে। পরিচ্ছন্নকর্মীরাও ঠিকমতো এলাকায় আসছেন না। খোলা জায়গায় গজিয়ে উঠেছে ডাম্পিং গ্রাউন্ড। ‘কাউন্সিলার নেই। কাকে বলব?’ প্রশ্ন বাসিন্দাদের।