Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধানের পরিবর্তে সই স্বামীর? ভাইরাল ভিডিও, শোরগোল

প্রধানের পরিবর্তে সই স্বামীর? ভাইরাল ভিডিও, শোরগোল
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য দেওয়া শংসাপত্রে প্রধানের পরিবর্তে তাঁর স্বামী সই করছেন বলে অভিযোগ। ইন্দপুর ব্লকের হাটগ্রাম পঞ্চায়েতের ওই ভাইরাল ভিডিও শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও ওই ভিডিও সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’।এনিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়। ভাইরাল ভিডিওতে, ওই গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা হাটগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি আনন্দ লায়েককে অফিসিয়াল লেটারহেডে প্রধানের জায়গায় পরপর সই করতে দেখা গিয়েছে। ওই ভিডিও কয়েকজন রাজনৈতিক নেতা তাঁদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেন। আনন্দবাবু বলেন, আমি হাটগ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন উপপ্রধান ছিলাম। ফলে ওইসময়ে অনেক কাগজপত্রে সই করতে হয়েছে। মানুষকে পরিষেবা দিতে নিজের স্ট্যাম্প ব্যবহার করেই সইসাবুদ করেছিলাম। পুরনো ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এখন ভাইরাল করা হচ্ছে। আমার বদনাম ও দলকে কালিমালিপ্ত করতে এসব করা হচ্ছে। পঞ্চায়েত প্রধান কবিতা লায়েক বলেন, আমি নিয়মিত অফিসে গিয়ে নিজের কাজ নিজেই করি। অনেক পুরনো ভিডিও নিয়ে চক্রান্ত করা হচ্ছে।
Advertisement
বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, তৃণমূল কোনও নিয়ম নীতি মানে না। ওদের দলের নেতারাও প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করে। এই ঘটনায় তা প্রকাশ পেয়েছে।
ইন্দপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান বলেন, উপপ্রধান হিসেবে আমাদের অঞ্চল সভাপতি মানুষের অনেক উপকার করেছেন। তাতেই কারও কারও গাত্রদাহ হচ্ছে। এটা বিরোধীদের চক্রান্ত।
সম্পর্কিত সংবাদ