সংবাদদাতা, কালনা: পূর্বস্থলী-১ ব্লকের রাস উৎসবে সেরা পুজো উদ্যোক্তাদের পুরস্কার দিল সেখানকার কেন্দ্রীয় রাস উৎসব কমিটি। শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ, বিডিও সঞ্জয় সেনাপতি, ডিএসপি অনিমেষ বালা সহ অন্যরা উপস্থিত ছিলেন। উত্তর শ্রীরামপুর দোলগোবিন্দপুরের রণচণ্ডীমাতা, দক্ষিণ শ্রীরামপুর কিশোর স্টাফের গঙ্গামাতা ও মধ্যশ্রীরামপুরের মহিলা পরিচালিত সূর্য সঙ্ঘের কমলেকামিনী পুজো সার্বিক শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে। এছাড়া, প্রতিমা বিভাগে তিনটি পুজো কমিটিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হয়। শ্রীশ্রী বৈষ্ণোদেবী মাতা পুজো কমিটি এই বিভাগে প্রথম হয়েছে। পরিবেশ ও সামাজিক সচেতনতায় চারটি পুজো কমিটিকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। সামাজিক প্রচারের নিরিখে ৮২টি পুজো কমিটির হাতে স্মারক ও ১০ হাজার টাকা করে দেওয়া হয়। রাস উৎসবের রাতে পথদুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর ঘটনায় এদিন মঞ্চ থেকে শোক প্রকাশ করা হয়। উপস্থিত পুজো উদ্যোক্তাদের হেলমেট পরে বাইক চালানোর শপথ নিতে আহ্বান জানানো হয়। স্বপনবাবু বলেন, নবদ্বীপের রাস উৎসবের পাশাপাশি এখন পূর্বস্থলী-১ ব্লকের রাস উৎসবও কম যায় না। সুন্দর প্রতিমা, মণ্ডপ ও আলোর রোশনাই এখানকার প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। তবে রাস উৎসবের সময় আমরা এলাকার দুই সন্তানকে হারিয়েছি।



