নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কালনায় দুর্ঘটনার পর গ্রামীণ এলাকাগুলিতেও বাইক চেকিং বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাইকের চালক সহ দু’জন উঠতে পারবেন। তার বেশি সওয়ারি থাকলেই কেস করা হবে। এতদিন বর্ধমান শহরে এনিয়ে কড়াকড়ি ছিল। সম্প্রতি পুলিসের এক শীর্ষ আধিকারিক গ্রামের রাস্তাতেই এই নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছেন। গ্রামে হেলমেট ছাড়াই বাইক চালানো হয়। বাইকে তিনজন যাতায়াত করার ছবি হামেশাই দেখা যায়। এসডিপিও অভিষেক মণ্ডল বলেন, ট্রাফিক নিয়ম না মানলে কেস করা হবে। অনেকদিন ধরেই সতর্ক করা হচ্ছে। তারপরও হুঁশ ফেরেনি। এবার থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে। দ্রুত গতিতে বাইক ছোটালে চালককে সমস্যায় পড়তে হবে। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, বর্ধমান শহরে হেলমেট ছাড়া বেরনোর ঝুঁকি চালকরা নেন না। গ্রামীণ এলাকার চালকদেরও অভ্যাস বদলানো হবে।



