Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মান্ধানাকে প্রশংসায় ভাসালেন প্রতীকা

ওপেনিং জুটিতে ২১২। তাতেই কুপোকাত নিউজিল্যান্ড।  বিশ্বকাপের শেষ চারেও জায়গা পাকা ভারতের। বৃহস্পতিবার হরমনপ্রীত কাউরদের জয়ের প্রধান দুই কাণ্ডারি অবশ্যই স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়াল।

মান্ধানাকে প্রশংসায় ভাসালেন প্রতীকা
  • ২৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ওপেনিং জুটিতে ২১২। তাতেই কুপোকাত নিউজিল্যান্ড।  বিশ্বকাপের শেষ চারেও জায়গা পাকা ভারতের। বৃহস্পতিবার হরমনপ্রীত কাউরদের জয়ের প্রধান দুই কাণ্ডারি অবশ্যই স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়াল। দু’জনেই হাঁকিয়েছেন দুরন্ত শতরান। ম্যাচের সেরা কাকে বাছা হবে তা নিয়ে ধন্দে পড়েছিলেন কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত স্মৃতিকেই বাছা হয়। আর মঞ্চে ভারতের ভাইস-ক্যাপ্টেন জানান, ‘এই পুরস্কারে প্রতীকারও প্রাপ্য। তাই আমরা পুরস্কার ভাগ করে নেব।’ নক-আউটের আগে ভারতীয় টিমের ঐক্য স্বপ্ন দেখাচ্ছে। সেখানেই শেষ নয়, ম্যাচের পর প্রতীকাও প্রশংসায় ভরালেন স্মৃতিকে। তিনি বলছিলেন, ‘স্মৃতির সঙ্গে ব্যাটিং দারুণ উপভোগ করি। খুব হিসেব-নিকেশ করে দারুণভাবে পরিকল্পনা সাজায়।’

Advertisement

স্মৃতি ও প্রতীকার ওপেনিং জুটি রীতিমতো সুপার হিট। এক বছরের কম সময়ে তাঁরা একসঙ্গে ওপেন করছেন। ইতিমধ্যেই সাতবার একশোর বেশি পার্টনারশিপ গড়েছেন তাঁরা। তারমধ্যে ২০২৫ সালেই পাঁচবার। বৃহস্পতিবারের ২১২ রানের জুটি তো বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে রেকর্ড। পাশাপাশি প্রতীকাও আন্তর্জাতিক মঞ্চে প্রথম শতরান হাঁকিয়েছেন। তিনি বলছিলেন, ‘এই শতরানের জন্য অনেক পরিশ্রম করেছি। আর স্মৃতি সবসময় আমায় স্বাধীনভাবে খেলতে বলে। কোথাও ভুল হলে শুধরেও দেয়।’ উল্লেখ্য, শেষ চারে জায়গা পাকা হওয়ায় রবিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ভারতের কাছে নিয়মরক্ষার। তবে নক-আউটে লড়াইটা সহজ হবে না। কারণ বাকি তিন দল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড— প্রত্যেকের কাছেই হেরেছিল ভারত। প্রতীকা রাওয়াল অবশ্য আশাবাদী। তিনি বলছিলেন, ‘আগের তিনটি ম্যাচ আমরা হেরেছি ঠিকই। কিন্তু খারাপ ক্রিকেট খেলিনি। জিততেও পারতাম। তাই আগের ফল নিয়ে ভাবছি না। আমাদের দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে। বিশ্বকাপে আমরা যে কোনও টিমকে হারাতে সক্ষম।’

Advertisement
সম্পর্কিত সংবাদ