নভি মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের সেমি-ফাইনালে নামার আগে বড় ধাক্কা। হাঁটু ও গোড়ালিতে চোটের জন্য টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন ফর্মে থাকা প্রতীকা রাওয়াল। রবিবার লিগের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় গোড়ালি মচকে ফেলেন ২৫ বছর বয়সি ওপেনার। পরীক্ষা নিরীক্ষার পর সোমবার জানানো হয়েছে, তিনি আর এই আসরে নেই। তাঁর পরিবর্ত হিসেবে ঘোষিত হয়েছে শেফালি ভার্মার নাম। ২১ বছর বয়সি খেলবেন শেষ চারের ম্যাচেও।
চলতি আসরে ছয় ইনিংসে ৩০৮ করেছেন প্রতীকা। গড় ৫১.৩৩। স্ট্রাইক-রেট ৭৭.৭৭। বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৫ ছাড়াও নভি মুম্বইয়ে নিউজিল্যান্ড ম্যাচে করেন ১২২। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ম্যাচে মান্ধানা-প্রতীকার ওপেনিং জুটিতে ওঠে যথাক্রমে ২১২ ও ১৫৫ রান। মহিলাদের একদিনের ম্যাচে হাজার রানে পৌঁছনোর ক্ষেত্রে যুগ্মভাবে দ্রুততমও তিনি।
প্রতীকার অনুপস্থিতি সেজন্যই বড় সমস্যা হয়ে উঠেছিল। সেমি-ফাইনালে মান্ধানার সঙ্গী কে হবেন, তা নিয়ে চলছিল জল্পনা। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচে আমনজ্যোৎ কাউর সঙ্গী হয়েছিলেন স্মৃতির। প্রয়োজনে হারলিন দেওল কিংবা জেমাইমা রডরিগেজকেও ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে বলে ভাবা হচ্ছিল। রিজার্ভ ব্যাটার হিসেবে ছিলেন তেজল হাসনবিস। কিন্তু শেষ পর্যন্ত শিকে ছিঁড়ল রিজার্ভে না থাকা শেফালির। তাঁকে বিশ্বকাপের দলে রাখা হয়নি ধারাবাহিকতার অভাবের কারণে। ২০২৪ অক্টোবরের পর তিনি দেশের হয়ে ওডিআই খেলেনওনি। তবে গত সেপ্টেম্বরেই ভারত ‘এ’ দলের প্রতিনিধিত্ব করেছিলেন। এই ফরম্যাটে ২৯ ইনিংসে ৮৩.২০ স্ট্রাইক রেটে ৬৪৪ রান রয়েছে শেফালির। বিধ্বংসী ওপেনার হিসেবেই তিনি পরিচিত।
এদিকে, সেমি-ফাইনালে রিচা ঘোষকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। নিউজিল্যান্ড ম্যাচে শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার আঙুলে চোট পেয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে তিনি খেলেননি। পরিবর্তে কিপার হিসেবে খেলেন উমা ছেত্রী।