Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জো রুটকে রাগিয়ে মজা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা, বাড়তি দায়িত্ব উপভোগ করেন সিরাজ

অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে এখনও পর্যন্ত ৯৩২ ডেলিভারি করেছেন মহম্মদ সিরাজ।

জো রুটকে রাগিয়ে মজা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা, বাড়তি দায়িত্ব উপভোগ করেন সিরাজ
  • ৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে এখনও পর্যন্ত ৯৩২ ডেলিভারি করেছেন মহম্মদ সিরাজ। ওভারের মাপকাঠিতে সংখ্যাটা ১৫৫.২। ওয়ার্কলোডকে পাত্তা না দিয়ে তাঁর পকেটে আপাতত ২০ উইকেট। ওভালে ইংল্যান্ডের প্রথম ইনিংসে চার উইকেটের পর সিরাজ সাফ জানিয়েছেন, ‘দেশের হয়ে খেলতে ভালোবাসি। পরিশ্রান্ত হয়ে পড়ব কিনা তা ভাবি না। মাথায় শুধু একটা কথাই ঘুরতে থাকে। তা হল, মাঠে সেরাটা উজাড় করে দেওয়া। তাহলেই ফল মিলবে।’ 

Advertisement

যশপ্রীত বুমরাহ এই টেস্টে খেলছেন না। ফলে সিরাজের উপর বাড়তি চাপ রয়েছে। তাঁর কথায়, ‘আমি দায়িত্ব নিতে ভালোবাসি। জাসসি (যশপ্রীত) ভাইকে অবশ্য মিস করছি। মজা করে বলেও ফেললাম, তুমি তো নেই, পাঁচ উইকেট নিলে কাকে জড়িয়ে ধরব? ও-ই দলের সিনিয়র বোলার। মাঠে গাইড করে আমাদের। কিন্তু কাঁধে বড় দায়িত্ব চাপলে নিজের উপর ভরসা এসে পড়ে। আমি চাপ নিই না। সবকিছু সহজ সরল রাখতেই ভালো লাগে।’ তিনি আরও বলেন, ‘মাঠে নামলে সেরাটা দেওয়াই একমাত্র লক্ষ্য থাকে। কোনও কিছু নিয়ে ভাবি না। রাতে ঘুমনোর আগে যাতে নিজেকে বলতে পারি যে, দলের জন্য আমি সবরকম প্রচেষ্টা করেছি। এতটুকু খামতি রাখিনি। তাহলেই ঘুমটা ভালো হয়।’
এই সিরিজের তিনটি টেস্টে খেলেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। লিডস ও বার্মিংহাম টেস্টের পর অবশ্য বাদ পড়েন তিনি। লর্ডসে তাঁর ঠিকানা হয় ড্রেসিং-রুম। আর ওল্ড ট্রাফোর্ডে টেস্ট অভিষেক হয় অংশুল কম্বোজের। তবে নিজের উপর ভরসা হারাননি প্রসিদ্ধ। ইংল্যান্ডের প্রথম ইনিংসে চার উইকেট নেন তিনি। প্রসিদ্ধ বলেছেন, ‘শুক্রবার লাঞ্চের পর সিরাজ ও আকাশদীপের সঙ্গে কথা বলি। আমরা ঠিক করি যে, আগে কী হয়েছে তা মাথায় রাখব না। ম্যাচে ফিরতে হলে আঘাত হানতে হবে। আর সেটা আমাদের তিনজনকেই একজোটে করতে হবে। মাঠে যখন যা মনে হয়েছে, তা অন্যকে বলেছি সবাই। আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করেছি। উপভোগ করেছি একে অপরের সাফল্য।’
জো রুটকে রাগিয়ে দেওয়ার প্রসঙ্গে প্রসিদ্ধ বলেন, ‘ওটা পরিকল্পনারই অঙ্গ ছিল। তবে ভাবিনি যে, আমার দু’একটা কথায় রুট এতটা রেগে যাবে। উপভোগ করেছি ব্যাপারটা। তবে মাঠের বাইরে আমরা ভালো বন্ধু। ও কিংবদন্তি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ