Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়ঞায় ঝড়ের পর টানা ৪ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা অনিয়মিত, বিক্ষোভ

কালবৈশাখীর দাপটে বিভিন্ন এলাকায় তার ছিঁড়ে পড়া, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার মতো ঘটনা ঘটেছিল

বড়ঞায় ঝড়ের পর টানা ৪ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা অনিয়মিত, বিক্ষোভ
  • ২২ মে, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, কান্দি: কালবৈশাখীর দাপটে বিভিন্ন এলাকায় তার ছিঁড়ে পড়া, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার মতো ঘটনা ঘটেছিল। কিন্তু সেই ঘটনার চারদিন পরও বড়ঞার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। সেজন্য বৃহস্পতিবার বড়ঞা ব্লকের পাঁচথুপী বিদ্যুৎ অফিসে গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন। বিদ্যুৎ বণ্টন সংস্থা অবশ্য শুক্রবারের মধ্যেই পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।

Advertisement

সোমবার বিকেলে কান্দি মহকুমাজুড়ে কালবৈশাখীর দাপট দেখা যায়। বিভিন্ন এলাকায় গাছপালা, ঘরবাড়ি পড়ে যায়। প্রচুর বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে ও তার ছিঁড়ে যায়। ফলে বিভিন্ন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে মহকুমার বেশিরভাগ জায়গায় পরিষেবা স্বাভাবিক হলেও বড়ঞার বেশকিছু গ্রামে চারদিন পরেও সমস্যা মেটেনি। কোথাও দিনে কয়েকঘণ্টার জন্য লো-ভোল্টেজ বিদ্যুৎ মিলছে। আবার কোথাও সেটাও মিলছে না।
এদিন বড়ঞা ব্লকের পাঁচথুপী, মুনিয়াডিহি, গোদাপাড়া, পুলিয়া প্রভৃতি গ্রামের মানুষ ওই বিদ্যুৎ অফিসে বিক্ষোভ দেখান। তাঁরা তাড়াতাড়ি বিদ্যুৎ সরবরাহের দাবি তোলেন। পরে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও জমা দেন।
স্থানীয় তানবির শেখ বলেন, ঝড়ের চারদিন পরেও এলাকার কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হল না। ফলে আমরা চরম সমস্যায় পড়েছি। অসুস্থ মানুষের যে কী কষ্ট হচ্ছে, বলে বোঝানো সম্ভব নয়। মোবাইল চার্জ দিতেও পাশের গ্রামে যেতে হচ্ছে।
অপর বাসিন্দা আকবর মির্জা বলেন, বিদ্যুৎঅফিসের লোকজন কোনো সদুত্তর দিতে পারলেন না। তাই ভোগান্তির শেষ কবে হবে-বুঝতে পারছি না।
বিদ্যুৎ বণ্টন সংস্থা সূত্রে খবর, বড়ঞা ব্লকে বিদ্যুৎ সরবরাহের জন্য দু’টি ফিডার রয়েছে। এর মধ্যে একটি বড়ঞা ফিডার নামে পরিচিত। এই ফিডারের মাধ্যমে যেখানে যেখানে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে, সেখানে পরিষেবা প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে। তবে কান্দি থেকে আসা অপর ফিডারটি এখনো অকেজো। সেটি ঠিক না হওয়া পর্যন্ত অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ হতেই থাকবে।
বিদ্যুৎ বণ্টন সংস্থার মুর্শিদাবাদ রিজিওনাল ম্যানেজার কৌশিক মণ্ডল বলেন, আসলে সোমবারের ঝড়ে কান্দি মহকুমায় ৪০০’র বেশি বিদ্যুতের খুঁটি পড়ে গিয়েছে। অনেক জায়গায় জল জমে যাওয়ায় মেরামতে সময় লাগছে। তাই কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়নি। 
তবে শুক্রবারের মধ্যে বড়ঞা সহ সমস্ত এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা যাবে বলে মনে 
হচ্ছে। -নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ