Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্ষমতা দখলের লড়াই, হাসপাতাল চত্বরের কাছেই দালালদের মারপিট

হাসপাতালে কার ক্ষমতা থাকবে? সেই নিয়েই প্রকাশ্যে দুই দালালের মারপিট। তাও আবার হাসপাতালের কাছেই। শনিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী আর এন রায় হাসপাতাল সংলগ্ন চিকিৎসকদের প্রাইভেট চেম্বারের সামনে।

ক্ষমতা দখলের লড়াই, হাসপাতাল চত্বরের কাছেই দালালদের মারপিট
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হবিবপুর: হাসপাতালে কার ক্ষমতা থাকবে? সেই নিয়েই প্রকাশ্যে দুই দালালের মারপিট। তাও আবার হাসপাতালের কাছেই। শনিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী আর এন রায় হাসপাতাল সংলগ্ন চিকিৎসকদের প্রাইভেট চেম্বারের সামনে। সোশ্যাল মিডিয়ায় মারামারির সেই ভিডিও ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান। 

Advertisement

এবিষয়ে হবিবপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক বাবর আলি বলেন, ঈদ উপলক্ষ্যে ছুটিতে রয়েছি। হাসপাতালের মধ্যে এরকম গণ্ডগোলের কোনও খবর আমার কাছে নেই। বাইরে কে কোথায় গণ্ডগোল করল, বিষয়টি আমার জানা নেই। তবে হাসপাতালের পরিবেশ কেউ নষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। 
এদিকে, ঘটনার পর থেকেই হদিশ নেই দুই দালালের। এদিকে, ওই হাসপাতালেরই এক চিকিৎসকের স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিস।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, সম্প্রতি জ্বরের সমস্যা নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন এক রোগী। সেখানে তাঁর আত্মীয়কে ভুল বুঝিয়ে বাইরের একটি ল্যাব থেকে বেশি টাকা খরচ করে রক্ত পরীক্ষা করায় এক দালাল। পরে তাঁরা জানতে পারেন হাসপাতালের ল্যাবে ওই টেস্ট করালে অনেক কম টাকাতে হয়ে যেত। এরপর দালালকে ডেকে সেকথা বলতেই রীতিমতো তর্কবিতর্ক শুরু হয় দু’জনের মধ্যে। এরপর রোগীর আত্মীয় বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষকে। এধরনের ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়।
তবে দালাল চক্র রুখতে একাধিক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে দালালদের দ্বারা প্রতারিত হলে সরাসরি অভিযোগ জানানোর জন্য একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। এতসবের পরেও রোখা যাচ্ছে না দালালদের দৌরাত্ম্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ