সংবাদদাতা, উলুবেড়িয়া: জেনারেটর বিভ্রাটের কারণে বেশ কিছুক্ষণ বিদ্যুৎহীন হয়ে রইল উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এর ফলে মঙ্গলবার দুপুরে তীব্র গরমে নাজেহাল হতে হয় রোগী ও তাঁদের পরিবারের লোকজনদের। যদিও উলুবেড়িয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, এই বিষয়ে কোনো অভিযোগ জমা পড়েনি তাদের কাছে।মঙ্গলবার এমনীতে তীব্র গরম ছিল। তার মধ্যেই উলুবেড়িয়ায় একাধিকবার লোডশেডিং হয়।তার মধ্যে এদিন বেলা দেড়টা নাগাদ আচমকা বিদ্যুৎহীন হয়ে পড়ে হাসপাতাল। অভিযোগ, হাসপাতালে জেনারেটর থাকলেও সেটা না চলায় এই সমস্যা। বিদ্যুৎহীন অবস্থায় সমস্যায় পড়েন রোগী ও তাঁদের পরিবারের লোকজন। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা হয় তাঁদের। এমনকী ইমারজেন্সিতেও টর্চ জ্বেলে চিকিৎসকদের রোগী দেখতে হয়।



