সরকারি হাসপাতালে পুজোয় টানা ছুটিতে রাশ টানতে চলেছে রাজ্য
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত টানা ছুটির রীতি বন্ধ করতে চলেছে রাজ্য সরকার। আগামী বছর থেকে সপ্তমী থেকে দশমী পর্যন্ত চার দিনের জন্যই তৈরি হবে পুজোর রোস্টার। এতদিন পুজোর সময় সরকারি হাসপাতালের কর্মীদের জন্য ১৫ দিন করে দু’টি রোস্টার তৈরি হতো। দুর্গাপুজো এবং কালীপুজো-দীপাবলিকে কেন্দ্র করে দুই দফায় মোট এক মাসের ছুটির ব্যবস্থা ছিল। এবার সেই নিয়মে বদল আনল স্বাস্থ্যদপ্তর। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, ‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ছুটি নেওয়া বন্ধ হোক। এত দিন ধরে এটা রীতি-রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল।’ এমনকী শুক্রবার থেকে যাঁরা ছুটিতে ছিলেন, তাঁদের ছুটি বাতিল করে কাজে যোগ দিতে বলা হয়েছে বলেও জানান তিনি। এদিন দুপুরে রাজ্যের সরকারি হাসপাতালগুলির কর্তাদের নিয়ে দু’টি বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। প্রথম বৈঠকে ছুটির নিয়ম নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় বৈঠকে জুনিয়র ডাক্তারদের ডিউটি ভাগাভাগির প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এতদিন জুনিয়র ডাক্তার অর্থাৎ ইন্টার্ন, পিজিটি ও হাউজস্টাফরা নিজেদের সুবিধামতো ডিউটি ভাগ করে নিতেন। এই প্রবণতা বন্ধ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। ইঙ্গিতপূর্ণভাবে এর পিছনে কোনও বেআইনি আর্থিক লেনদেন রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হাসপাতালগুলির অধ্যক্ষ ও সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালগুলির অধ্যক্ষ ও এমএসভিপিরা। 

Advertisement

সম্প্রতি চোরবাগানের ঘটনার পর জুনিয়র ডাক্তারদের একাংশকে সরকারের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছিল। তাঁদের চাপে রাখতেই সরকারের এই কৌশল বলে মনে করা হচ্ছে। এদিনের প্রথম বৈঠকে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও আলোচনা হয়। পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালে অপরিচ্ছন্নতার অভিযোগে সুপার-সহ সাতজনকে সাসপেন্ড করার প্রসঙ্গ তুলে রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে কড়া বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী।