কালিয়াচক ৩ ব্লকে শক্তি বাড়ছে ‘হাতের’ তৃণমূলের ১৪ অঞ্চল যুব সভাপতি এবং ১০ পঞ্চায়েত সদস্য কংগ্রেসে
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালিয়াচক: তৃণমূলের যুব সংগঠনে বড়োসড়ো ভাঙন কালিয়াচক ৩ ব্লকে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ১৪টি অঞ্চলের যুব সভাপতি এবং পাচটি গ্রাম পঞ্চায়েতের ১০ জন গ্রাম পঞ্চায়েত সদস্য। তাঁদের সঙ্গে অন্তত ৭০০ জন তৃণমূল কর্মীও কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দাবি দলীয় নেতৃত্বের। দক্ষিণ মালদহের সাংসদ ঈশা খান চৌধুরীর হাত ধরে কংগ্রেসের পতাকা তুলে নেন তাঁরা। যোগদানকারীদের মধ্যে রয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সামিউল শেখ। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যের স্বৈরাচারী সরকারের পরিবর্তনের লক্ষ্যেই আমরা কংগ্রেসে যোগ দিয়েছি। আগামী দিনে আরও বড় যোগদান কর্মসূচি হবে। 

Advertisement

কংগ্রেসের জেলা সভাপতি ঈশা খান চৌধুরী বলেন, মানুষ পরিবর্তন চাইলেও বাস্তবে রাজ্যে সেই পরিবর্তন হয়নি। আগে তৃণমূলের লোকজন দুর্নীতি করত। এখন বিজেপির লোকজন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। বৈষ্ণবনগরে ভাঙন ও বন্যা দুর্গতদের অনুদান বণ্টনে দুর্নীতির অভিযোগও তোলেন তিনি। 
ঈশার দাবি, আগামীতে বৈষ্ণবনগর থেকেই পরিবর্তনের সূচনা হবে। আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেসের ব্লক সভাপতি পিনারুদ্দিন শেখের দাবি, আরও অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিজেপির কয়েকজন সমর্থকও যোগ দিয়েছেন বলে দাবি করেন তিনি। যদিও বিজেপির দক্ষিণ মালদহের সহ সভাপতি তারক ঘোষের দাবি, যোগদানকারীরা সকলেই তৃণমূলের। বিজেপির কেউ দল ছাড়েনি। অন্যদিকে, তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষের কটাক্ষ, ক্ষমতা ভোগ করা নেতারাই এখন দলবদল করছেন। 
উল্লেখ্য, এই যোগদান সভাকে সম্পূর্ণ বয়কট করেছে যুব কংগ্রেস। এদিন কালিয়াচক ৩ ব্লক যুব কংগ্রেসের কেউই এই যোগদান সভায় হাজির হননি।  তাঁদের দাবি ছিল, তাঁদের না জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে সাংসদ বলেন, সবাইকে ডাকা হয়েছিল। যুব কংগ্রেসের সঙ্গে এই যোগদানের কোনো সম্পর্ক নেই।