নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃষ্টির জেরে কুমোরটুলির মুখ ভার। বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টি হওয়ায় পটুয়াপাড়ায় দুর্গাপ্রতিমা তৈরির কজে বিঘ্ন ঘটেছে। উদ্বিগ্ন মৃৎশিল্পীরা। প্রবল বৃষ্টির মধ্যেই ত্রিপল দিয়ে ঢেকে প্রতিমা গড়ার চেষ্টা করেছেন শিল্পীরা। তাও সব ক্ষেত্রে ঝাপটা আটকানো যায়নি।
পটুয়াপাড়ার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখা গেল, দুর্গামূর্তিকে বৃষ্টির জল থেকে বাঁচাতে মৃৎশিল্পীরা প্রাণপণ চেষ্টা করছেন। অনেকে আবার ত্রিপলের উপর অতিরিক্ত প্লাস্টিকও চাপিয়েছেন। পাছে প্রতিমা না ভিজে যায়। বৃষ্টিতে কোথাও কোথাও মা দুর্গার রং ধুয়ে গিয়েছে। প্রতিমা শিল্পীদের বক্তব্য, পুজো এখন দোরগোড়ায়। এই সময় প্রতিমা তৈরির ব্যস্ততা তুঙ্গে। তবে কখনও কখনও বৃষ্টি জেরে তাতে বাধ সেধেছে। এই পরিস্থিতিতে মৃৎশিল্পীরা ঠিক সময়ে উদ্যোক্তাদের হাতে প্রতিমা তুলে দিতে পারবেন কি না, সেই চিন্তাই তাঁদের তাড়িয়ে বেড়াচ্ছে। মৃৎশিল্পী সংগঠনের কর্মকর্তাদের বক্তব্য, ইতিমধ্যে যে সমস্ত পুজো কমিটি বায়না করে গিয়েছে, তারা ঠিক সময়ে প্রতিমা না পেলে হইচই ফেলে দেবে। তাই এখন দিনরাত এক করে কাজ করে চলেছেন শিল্পীরা। মৃৎশিল্পী সংগঠনের কর্তা বাবু পাল এদিন বলেন, ‘নানা প্রতিকূলতা কাটিয়ে দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে। কুমোরটুলির উপর দিয়ে বয়ে যাচ্ছে একের পর এক ঝড়। কিছুদিন আগেও মাটি নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। সেই জট কাটার পর এবার বৃষ্টি-অসুর কাজে বিঘ্ন ঘটাচ্ছে।’ মৃৎশিল্পী চায়না পাল বলেন, আর বৃষ্টি না হলে আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে পুজোর উদ্যোক্তাদের হাতে মূর্তি তুলে দিতে পারব।’ শিল্পী বরুণ পাল ও সমর পাল বলেন, ‘আকাশ মেঘলা থাকায় প্রতিমার মুখ এখন স্টোভ পাম্প দিয়ে শুকোনোর কাজ চলছে।’ শিল্পী রাজা পাল বলেন, ‘দেখা যাক, শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়। দিনরাত এক করে কাজ করছি আমরা। আশা করি, মা দুর্গা আমাদের প্রতি সহায় হবেন।’ -নিজস্ব চিত্র