Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

টানা বৃষ্টির জেরে শুকানো যাচ্ছে না প্রতিমার মাটির প্রলেপ, মুথাডাঙায় চিন্তিত মৃৎশিল্পীরা

টানা বৃষ্টি। জল জমে যায় রাস্তা ঘাটে। বহু কৃষি জমিও জলের তলায়।

টানা বৃষ্টির জেরে শুকানো যাচ্ছে না প্রতিমার মাটির প্রলেপ, মুথাডাঙায় চিন্তিত মৃৎশিল্পীরা
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: টানা বৃষ্টি। জল জমে যায় রাস্তা ঘাটে। বহু কৃষি জমিও জলের তলায়। এই পরিস্থিতিতে বিপাকে পড়ছেন প্রতিমা শিল্পীরাও। ভিজে আবহাওয়ায় প্রতিমা শুকোতে দেরি হচ্ছে। তারসঙ্গে টান পড়ছে মাটির জোগানেও। নির্দিষ্ট সময়ের মধ্যে বরাত নেওয়া প্রতিমাগুলি পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া নিয়েও সংশয়ে পড়েছেন শিল্পীরা। খানাকুলের নিচু এলাকাগুলিতে আবার অনেকে দূর্গা প্রতিমার কাজই শুরু করে পারেননি। জল জমে ঢুকে যায় কারখানাতেও। 

Advertisement

আরামবাগের মুথাডাঙ্গা এলাকায় এক পটুয়া শিল্পীর কারখানায় গিয়ে দেখা যায়, গণেশ সহ একাধিক দূর্গা প্রতিমা তৈরি হচ্ছে। বৃষ্টিতে যাতে ভিজে না যায় সেইজন্য কারখানার চার পাশেই ত্রিপল খাটিয়েছেন শিল্পীরা। তাঁরা বলছেন, ক্রমাগত বৃষ্টিতে প্রতিমা তৈরির কাজে ব্যাঘাত ঘটছে। আপাতত দুই বার মাটির প্রলেপ পড়েছে প্রতিমাগুলিতে। কিন্তু বৃষ্টির টানা ইনিংসের ফলে প্রতিমাগুলি শুকোতে সময় লাগছে। 
সেখানকার প্রতিমা শিল্পী চিত্ত রঞ্জন দাস, কৌশিক দাস বলেন, বৃষ্টির পাশাপাশি মাটির যোগান পেতেও আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। এখন নদী ও মাঠে ঘাটে জল জমে রয়েছে। ফলে প্রতিমা তৈরির জন্য ভালো মাটি পেতে সমস্যায় পড়তে হচ্ছে। এমনকি, অনেকে নিজেদের জমি থেকেও মাটি দিতে রাজি হচ্ছেন না। অন্য বছর নদীর পাড় থেকে মাটি কেটে আনা হত। কিন্তু এখন নদীতে জল থাকায় সেই কাজও করা হচ্ছে। এবার চড়া দামে গঙ্গার মাটি আনতে হতে পারে। 
খানাকুলের নিচু এলাকায় দূর্গা প্রতিমার কাজ শুরুই করতে পারেননি শিল্পীরা। ফলে পুজোর আগে দূর্গা প্রতিমার কাজ শেষ করা নিয়েই তাঁরা চিন্তায় রয়েছেন। খানাকুলের শসাপোতার এক প্রতিমা শিল্পী অর্ণব গায়েন তাঁর পরিবারের সঙ্গে প্রত্যেক বছর প্রতিমা গড়েন। কিন্তু মারোখানায় তাঁর কারখানাতেই জল ঢুকে গিয়েছে। ফলে এখনও প্রতিমার কাজ শুরু করতে পারেননি। কিছু ছোট প্রতিমার কাজ সেরে রেখেছেন। কিন্তু সেগুলিও এখনও শুকোয়নি। অর্ণব বলেন, টানা মাস খানেক ধরে এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। তার জেরে আমাদের কারখানাতেও জল ঢুকেছে। মাটি আগে থেকেই কিনে প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু জল না বেরোনোয় প্রতিমার কাজ শুরু করতে পারছি না। এবার প্রায় ১০ টি দূর্গা প্রতিমার বরাত পেয়েছি। আরও কিছুদিন পর কাজ শুরু করতে হবে। এরজন্য বহু কারিগরও নিয়োগ করতে হবে। প্রতিমা শিল্পীরা বলছেন, এবার টানা বর্ষার দাপটে অন্যান্য প্রতিমা শিল্পীদেরও সমস্যায় পড়তে হচ্ছে। 
উল্লেখ্য, এবার জুন মাস থেকেই নিম্ন চাপের বৃষ্টি শুরু হয়েছে আরামবাগ সহ দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তারসঙ্গে ডিভিসির তরফে জলও ছাড়া হচ্ছে প্রায় প্রতিদিন। তার জেরে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় নদীগুলির জল স্তর বেড়েছে। মাঠ ঘাটেও জল দাঁড়িয়েছে। রাস্তা জলমগ্ন হওয়ায় যাতায়াত নিয়েও বিপাকে পড়েছেন নিচু এলাকার বাসিন্দারা। ফলে দীর্ঘদিন ধরে চলছে 
দুর্ভোগ।  -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ