Bartaman Logo
১০ জুন, ২০২৬

২৫ হাজার কোটি টাকার ক্ষতি ডাক বিভাগের

দেশের বৃহত্তম ব্যাঙ্কিং পরিষেবা চলে ডাক বিভাগের মাধ্যমে। পোস্ট অফিসের সংখ্যা প্রায় ১ লক্ষ ৬০ হাজার।

২৫ হাজার কোটি টাকার ক্ষতি ডাক বিভাগের
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের বৃহত্তম ব্যাঙ্কিং পরিষেবা চলে ডাক বিভাগের মাধ্যমে। পোস্ট অফিসের সংখ্যা প্রায় ১ লক্ষ ৬০ হাজার। প্রায় ৪০ কোটি নাগরিককে পরিষেবা দেয় এই ব্যাঙ্ক। এহেন ডাক বিভাগের পাহাড়প্রমাণ ক্ষতির হিসেব সামনে এসেছে। সম্প্রতি প্রকাশিত তাদের বার্ষিক রিপোর্টে দেখা যাচ্ছে, গত ২০২৪-২৫ অর্থবর্ষে দপ্তরের ‘ক্ষতি’ বা আর্থিক ঘাটতির অঙ্ক প্রায় ২৪ হাজার ৫৫৩ কোটি টাকা। নরেন্দ্র মোদি জমানার শুরু থেকে এই আর্থিক ক্ষতির অঙ্ক যোগ করলে তা দেড় লক্ষ কোটিতে পৌঁছবে বলে জানাচ্ছেন দপ্তরের কর্তারা।

Advertisement

ডাক বিভাগ এখন মূলত পার্সেল ব্যবসা নির্ভর। চিঠিচাপাটি বিলির চিরাচরিত ব্যবসা এখন অনেকটাই টিমটিমে। অর্থমন্ত্রকের স্বল্প সঞ্চয় প্রকল্প বিক্রি করার জন্য তাদের থেকে কমিশন পায় ডাক বিভাগ। এটিও তাদের রোজগারের অন্যতম জায়গা। সেই সঙ্গে আছে পোস্টাল জীবন বিমা। কিন্তু দিনের শেষে গ্রাহক কতটুকু পরিষেবা পান বা সেই পরিষেবায় আদৌ সন্তুষ্ট হন কি না, প্রশ্ন রয়েছে সর্বত্র। গ্রাহক মাত্রই জানেন, এখানে হয়রানি কতটা হয়। তবে সবটাই যে ডাক বিভাগের কর্মীদের কারণে হয়, তা নয়। পরিকাঠামোগত সমস্যা এক্ষেত্রে অন্যতম কারণ। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, আর্থিক লেনদেনের জন্য যেভাবে কোর ব্যাঙ্কিং সিস্টেম চালু করার কথা ছিল, তা আদৌ হয়নি। লিঙ্ক না থাকা এখনও ডাকবিভাগের জীবন্ত সমস্যা। তার উপর পর্যাপ্ত সংখ্যায় কর্মী না থাকা, পর্যাপ্ত ফর্ম-চেকবই না থাকা, প্রিন্টিং মেশিন না থাকা বা খারাপ থাকা ইত্যাদি ‘রোগ’ ক্রমশ জাঁকিয়ে বসছে প্রায় প্রতিটি ডাকঘরে। গোদের উপর বিষফোঁড়ার মতো গ্রাহকদের ঝামেলায় ফেলছে নতুন প্রযুক্তি। অনলাইন লেনদেনকে আরও সুষ্ঠু করার লক্ষ্যে যে পরিষেবা চালু হওয়ার কথা ছিল চলতি মাস থেকে, তা গোড়াতেই মুখ থুবড়ে পড়েছে। দায় চোকাতে হচ্ছে লক্ষ লক্ষ গ্রাহককে।
দপ্তরের কর্তারা বলছেন, এই দপ্তরের সবচেয়ে বেশি খরচ হয় কর্মীদের বেতন ও অফিস চালানো খাতে। সেই নিরিখে আয় হয় অনেক কম। প্রশ্ন উঠছে, দিনের পর ডাকবিভাগকে ক্রমশ অকেজো করে দেওয়ার পিছনে কি সরকারের অন্য কোনও উদ্দেশ্য কাজ করছে? সত্যিই কি এই সুবিশাল পরিকাঠামোকে অন্য কোনও উপায়ে আর্থিকভাবে বাঁচানো সম্ভব নয়?

Advertisement
সম্পর্কিত সংবাদ