নিজস্ব প্রতিনিধি, বরানগর: রাজ্যের রাস্তাঘাটের উন্নতিতে বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। এদিনই কল্যাণী এক্সপ্রেসওয়েতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু জনপ্রিয় এক চিকিৎসকের। তাঁর মৃত্যুর পর প্রবল বিক্ষোভ সাধারণ মানুষের। ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর দেহ আটকে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। লাঠি উঁচিয়ে মানুষকে ছত্রভঙ্গ করে তবে দেহ উদ্ধার করতে সক্ষম হয় তারা। মানুষের অভিযোগ, এক্সপ্রেসওয়েতে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। মোড়টি গুরুত্বপূর্ণ। ট্রাফিক পুলিশ থাকলেও গাড়ি নিয়ন্ত্রণ করার বদলে তাঁরা বেশিরভাগ সময় মোবাইলে ব্যস্ত থাকে। যদিও পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।
মৃত চিকিৎসকের নাম, সুকুমার দাস(৬৫)। তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করেন। এদিন সকাল ১০ টা নাগাদ শ্রীদুর্গা পল্লি ক্রসিংয়ে ডাম্পারের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। দুর্গা পল্লিতেই তাঁর বাড়ি। আর মাঝেরহাট মোড়ে চেম্বার। চিকিৎসক ও পরোপকারী হিসাবে হিসাবে এলাকায় তাঁর যথেষ্ট নামডাক আছে। এদিন সকালে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। দুর্গা পল্লি লাগোয়া কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্রসিং এলাকা দিয়ে রাস্তা পার করছিলেন। তখন মুড়াগাছার দিক থেকে আসা একটি ডাম্পার তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পরোপকারী চিকিৎসকের। স্থানীয় মানুষের অভিযোগ, ডাক্তারবাবু ডাম্পারটিকে হাত দেখিয়েছিলেন। পথচলতি কিছু মানুষও বিপদ বুঝে চিৎকার করে উঠেছিলেন। কিন্তু গাড়ি থামাননি চালক। দুর্ঘটনার কয়েক মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে ক্ষোভ। দেহ ঘিরে রাস্তা অবরোধ শুরু করে দেয় মানুষ। বহু গাড়ি দাঁড়িয়ে যায়। নিমতা ও দমদম থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। তবে বিক্ষোভ সামলাতে ব্যর্থ হওয়ায় লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের তাড়া করে পুলিশ। প্রায় দেড় ঘণ্টা পর দেহ উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে সক্ষম হয় তারা।
কল্যাণ দত্ত নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘কল্যানী এক্সপ্রেসওয়ে ও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দুই লেনের কাজ সম্পূর্ণ হয়নি। মুড়াগাছার দিক থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েগামী উড়ালপুলের কাজ বাকি। তাই সার্ভিস রোড দিয়ে গাড়ি চলছে। তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ওখানে একাধিক ক্রসিং। ট্রাফিক পুলিশ সঠিকভাবে যান নিয়ন্ত্রণ করে না। মানুষের পারাপারের ব্যবস্থা করে না। গাড়ি বেপরোয়া গতিতে যাতায়াত করে। প্রতি সপ্তাহেই দু-চারটি করে দুর্ঘটনা ঘটছে। চালকের বেপরোয়া গতি ও পুলিশের গাফিলতিতেই ডাক্তাবাবুর এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে।’ অঞ্জলি দে নামে এক বিক্ষোভকারী বলেন, ’আমাদের প্রাণ হাতে রাস্তা পারাপার করতে হয়। এর আগেও দুর্ঘটনা ঘটেছে। আর পুলিশ সমস্যার সমাধান না করে লাঠি চালিয়েছে।’ নিজস্ব চিত্র



