মুম্বই, ২৪ মে: মাত্র ৫৪ বছর বয়সেই প্রয়াত জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। বলিউডে শোকের ছায়া। গতকাল, শুক্রবার গভীর রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ, শনিবার সকালে মুকুল দেবের প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেতা মনোজ বাজপেয়ী। তারপরে অভিনেতা বিন্দু দারা সিংও সেই খবর নিশ্চিত করেন। যদিও কী কারণে মৃত্যু হয়েছে মুকুল দেবের সেই বিষয়ে কিছুই জানা যায়নি। তাঁর পরিবারের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই বলা হয়নি। বলিউড সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। আইসিইউতে ভর্তি করা হয়েছিল অভিনেতাকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুল দেব। বিন্দু জানিয়েছেন, ‘ওর বাবা-মা মারা যাওয়ার পর থেকেই চুপচাপ থাকত। নিজেকে সকলের থেকে দূরে সরিয়ে রেখেছিল। বাড়ির বাইরে পা রাখত না খুব একটা, কারোর সঙ্গে দেখা করত না। কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়ে। তখন তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ওর ভাই রাহুল দেবকে সমবেদনা জানিয়েছি। একজন ভালো মানুষ ছিল মুকুল।’ হিন্দি, পাঞ্জাবি, বাংলা, কন্নড়, তেলেগু বিভিন্ন ভাষার সিনেমাতে অভিনয় করেছেন মুকুল দেব। দিল্লিতেই জন্ম।



