রাজনীতি থেকে দূরত্ব বেড়েছে। সদ্য মুক্তি পেয়েছে ‘সে তো আজও বোঝে না’। এসবের মাঝে কেমন আছেন সোহম চক্রবর্তী?
• গুগলে অভিনেতা বা প্রযোজক নয়, রাজনৈতিক সোহমের নানা বিতর্কের খবর আগে আসছে। এটা কতটা অস্বস্তিকর?
•• মানুষ সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন খুব জাজমেন্টাল হয়ে গিয়েছে। অভিনয় ছাড়া আমরা কোথায় কী করব, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আর অভিনেতারা বরাবরই সফট টার্গেট।
• নিজের ড্যামেজ কন্ট্রোলে কী পদক্ষেপ নিচ্ছেন?
•• ভালো সিনেমার সঙ্গে যুক্ত থাকতে চাই। ভালো চরিত্রে অভিনয় করতে চাই।
• ‘সে তো আজও বোঝে না’ কি আপনার ভাবমূর্তি ফিরে পাওয়ার প্রয়াস?
•• এই ছবির মৈনাক চরিত্রটা খুব ভালো লেগেছিল। পরিচালক রণ রাজ গল্পটা ভালো বেঁধেছেন। এছাড়াও প্রিয়াঙ্কা সরকারের মত বলিষ্ঠ অভিনেত্রীর সঙ্গে কাজের সুযোগ। অনেকদিন পর আমরা একসঙ্গে কাজ করলাম।
• এই মুহূর্তে রাজনীতি ব্যাকফুটে?
•• (দীর্ঘশ্বাস ছেড়ে) এখন পুরোপুরি সিনেমায় মনোনিবেশ করতে চাই।
• ইন্ডাস্ট্রির সাম্প্রতিক পরিবর্তন নিয়ে কী বলবেন?
•• সব ঢেউতেই যে গা ভাসাতে হবে, তার তো কোনও মানে নেই। দেখা যাক...।
• বাংলা ছবির সংখ্যা ক্রমশ কমছে। চিন্তা হয়?
•• এটা চূড়ান্ত ওয়ার্নিং। হল সংখ্যা কমছে। প্রযোজকরা ভরসা হারাচ্ছেন। লগ্নি ফেরত পাওয়া যাচ্ছে না। সব ছবির স্যাটেলাইটে স্বত্ত বিক্রি হবে, এমনটাও বলা যায় না। তবে এসবের মধ্যেও সারভাইভ করতেই হবে।
প্রিয়ব্রত দত্ত



