সংবাদদাতা, বেলদা: স্কুলের টিনের ছাউনি নষ্ট হয়ে গিয়েছে। বর্ষায় জল পড়ায় শ্রেণিকক্ষে ক্লাস হয় না। পরিস্থিতি এমন যে, মিড ডে মিল খাওয়ার ঘরে ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। এভাবেই চলছে নারায়ণগড় ব্লকের মকরামপুর পঞ্চায়েতের বরাগেড়িয়া প্রাথমিক স্কুল। ব্লক প্রশাসনের দাবি, মাসখানেক আগে রাজ্য অর্থ বরাদ্দ করলেও শিক্ষাদপ্তর থেকে কোনও নির্দেশ না আসায় স্কুল সংস্কারের কাজ শুরু করা যায়নি। করোনার পর থেকেই নারায়ণগড় পূর্ব চক্রের অন্তর্গত বরাগেরিয়া প্রাথমিক স্কুলের টিনের ছাউনি নষ্ট হয়ে যায়। গত কয়েক বছরে তা এমন পর্যায়ে পৌঁছেছে যে এক বছর ধরে ক্লাসরুমে পড়াশোনা বন্ধ। টিনের ছাউনি পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় রোদ, বৃষ্টিতে ক্লাস করা যাচ্ছে না। ফলে শিক্ষকরা পড়ুয়াদের নিয়ে মিড ডে মিল খাওয়ার ঘরে ক্লাস করছেন। ছোট সেই ঘরে পাঁচটি ক্লাসের পড়ুয়াদের নিয়ে কোনওমতে পঠনপাঠন চলছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই স্কুলে পঞ্চম শ্রেণি যুক্ত হওয়ার তোড়জোড় চলছে। কিন্তু, শ্রেণিকক্ষের যা হাল তার মাঝে নতুন ক্লাস যুক্ত হলে পরিস্থিতি কী দাঁড়াবে, তা ভেবে পাচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তমকুমার ভুঁইয়া বলেন, সমস্যার জেরে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। ২০২৩ সাল থেকে শিক্ষাদপ্তরে আবেদন করে আসছি। সম্প্রতি জানতে পেরেছি স্কুলের সংস্কারের জন্য রাজ্য থেকে মাসখানেক আগে অর্থ বরাদ্দ হয়েছে। আমরা চাই দ্রুত কাজ শুরু হোক। নতুন শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণি যুক্ত হতে চলেছে। তাড়াতাড়ি ছাউনি না দিলে শ্রেণিকক্ষের সমস্তকিছু বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে। নারায়ণগড়ের বিডিও কৌশিক প্রামাণিক বলেন, স্কুল সংস্কারের জন্য রাজ্য থেকে কিছু অর্থ মঞ্জুর হয়েছে বলে শুনেছি। জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে নির্দেশ এলে অবশ্যই টেন্ডার করে সংস্কারের কাজ শুরু করে দেব। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে বলেন, শুধু বরাগেরিয়া নয়, নারায়ণগড় ব্লকে ছ’টি স্কুল সংস্কারের জন্য রাজ্য থেকে অর্থ বরাদ্দ হয়েছে।



