Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

রোহিতদের পরামর্শ পন্টিং ও শাস্ত্রীর

রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যত্ কী? দুই মহাতারকাকে কি ২০২৭ ওডিআই বিশ্বকাপে খেলতে দেখা যাবে? নাকি অস্ট্রেলিয়া সিরিজের পরই আন্তর্জাতিক কেরিয়ারে দাঁড়ি পড়বে?

রোহিতদের পরামর্শ পন্টিং ও শাস্ত্রীর
  • ২২ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

দুবাই: রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যত্ কী? দুই মহাতারকাকে কি ২০২৭ ওডিআই বিশ্বকাপে খেলতে দেখা যাবে? নাকি অস্ট্রেলিয়া সিরিজের পরই আন্তর্জাতিক কেরিয়ারে দাঁড়ি পড়বে? প্রথম ম্যাচের পর অবশ্য অবসরের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পারথে রোহিতের সংগ্রহ ৮। আর বিরাট তো খাতাই খুলতে পারেননি। এমন পরিস্থিতিতে  দুই ভারতীয় সুপারস্টারকে বিশেষ পরামর্শ দিলেন রিকি পন্টিং ও রবি শাস্ত্রী।

Advertisement

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক পন্টিং বলছিলেন, ‘বিরাট-রোহিতের কোয়ালিটি নিয়ে সংশয়ের অবকাশ নেই। পরিসংখ্যানই ওদের হয়ে কথা বলবে। ভারতীয় ক্রিকেটকে আর ওদের দেওয়ার কিছু নেই, এটা মানতে পারব না। ২০২৭ ওডিআই বিশ্বকাপের জন্য কেবলমাত্র অপেক্ষা না করে, ছোট ছোট লক্ষ্য তৈরি করা উচিত। তাতে উজ্জ্বল পারফরম্যান্স মেলে ধরার প্রেরণা মিলবে।’ একটু থেমে পন্টিংয়ের সংযোজন, ‘কোহলি সবসময়ই উদ্দীপ্ত থাকে। লক্ষ্য ছাড়া মাঠে নামে না। অস্ট্রেলিয়া সফরেও নিশ্চয়ই নিজের সামনে টার্গেট রেখে খেলছে। তাছাড়া ওদের হাতে বেশি ম্যাচও নেই। তাই অ্যাডিলেডে সেরা ছন্দ মেলে ধরতে মুখিয়ে থাকবে।’ রবি শাস্ত্রীও সুর মিলিয়েছেন পন্টিংয়ের সঙ্গে। তাঁর কথায়, ‘দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেই সেরা পারফরম্যান্স মেলে ধরা সহজ নয়। তারপর আবার অস্ট্রেলিয়ার মাটিতে। তাই এক ম্যাচ দেখে ওদের ব্যাপারে মন্তব্য করতে চাইছি না। রোহিত-বিরাটকেও বলব, সব ভুলে ক্রিকেটটা উপভোগ কর।’
এদিকে, পারথে লোকেশ রাহুল ছয় নম্বরে নামায় অবাক গ্লেন ম্যাকগ্রাথ। তিনি বলেছেন, ‘আমার তো মনে হয়, দেশের হয়ে এক থেকে এগারো, সব নম্বরেই খেলা হয়ে গিয়েছে ওর। এই মানিয়ে নেওয়াটা মোটেই সহজ নয়। এতে টান পড়তে পারে আত্মবিশ্বাসে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ