সংবাদদাতা, বসিরহাট: দিনেদুপুরে জেসিবি চালিয়ে পাশের জমি থেকে মাটি কেটে পুকুর ভরাট করা হচ্ছে। ঘটনাটি বসিরহাট শহর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে, বসিরহাট ১ ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া গ্রামের। অভিযোগের তীর তৃণমূল গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের ভাইপোর বিরুদ্ধে! তবে এনিয়ে সরব হয়েছেন খোদ পঞ্চায়েত প্রধান। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। গোটরা গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া গ্রামে দীর্ঘদিনের পুরনো একটি পুকুর ছিল। পুকুরটির আগের পক্ষের মালিক পার্শ্ববর্তী ঘোনা গ্রামের এক বাসিন্দাকে পুকুরটি বেঁচে দেন। তারপরেই প্রায় এক বিঘার ওই পুকুরটি বোজানোর কাজ শুরু হয়। দিনের বেলাতেই পাশের জমি থেকে জেসিবি দিয়ে মাটি কেটে পুকুর ভরাট করা হচ্ছে বলে অভিযোগ। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীরা জানাচ্ছেন, দীর্ঘদিনের এই পুকুরটি অবৈধভাবে বোজানো হচ্ছে।



