দূষণ কমে যাবেই, আনন্দ করুন: যোগী আদিত্যনাথ, বাজি পোড়ানোর পক্ষে সওয়াল
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: দূষণে জেরবার উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। যদিও তাকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে রাজি নন যোগী আদিত্যনাথ। বরং সেই উদ্বেগ সরিয়ে দীপাবলিতে প্রাণ খুলে বাজি পোড়ানোর ‘পরামর্শ’ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘উৎসব পালনের ফলে যদি দূষণ বাড়েও, তা কমে যাবে। এত চিন্তার কিছু নেই।’ বাজি পোড়ানোর পক্ষে সওয়াল করতে গিয়ে যোগীর পালটা প্রশ্ন, ‘দুর্নীতির কারণে গোটা ব্যবস্থাকে দূষিত হতে দেখেও কেন একইরকম উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় না?’ আরও একধাপ এগিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার সরকার কোনো বিধিনিষেধ আরোপ না করে ‘আন্তরিকভাবে’ উৎসব পালনে মানুষকে উৎসাহিত করেছে।’

Advertisement

একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে নব নিযুক্ত জুনিয়ার অ্যাসিস্টেন্টদের হাতে নিয়োগপত্র তুলে দেন যোগী। সেই অনুষ্ঠান থেকেই তিনি বলেন, ‘ধনতেরাসের দিন বাজারগুলির ব্যস্ততা আপনারা নিশ্চয় দেখেছেন। অনেকের দাবি, দীপাবলিতে দূষণ ছড়ায়। দেখুন, দূষণ বাড়লেও তা কমে যাবে। আমি অযোধ্যায় ছিলাম। প্রচুর বাজি পুড়িয়ে মানুষ আনন্দ করছে দেখে খুব ভালো লাগছিল। প্রতিবারই উৎসব পালনের সময় কিছু লোক দূষণের কথা বলতে শুরু করে। দুর্নীতি করে যারা গোটা ব্যবস্থাকে দূষিত করেছে, তাদের নিয়ে কেউ প্রশ্ন তোলে না। কিন্তু সাধারণ মানুষ একদিনের জন্য কিছু বাজি পোড়ালেই দূষণ নিয়ে কান্নাকাটি শুরু হয়ে যায়। কিছু দূষণ ছড়ালেও তা কমে যাবে। সেটা তেমন বড়ো কথা নয়।’