ভোটের আগের দিন থেকে সংবাদপত্রে দেওয়া যাবে না রাজনৈতিক বিজ্ঞাপন
  • ৫ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: নির্বাচনের দিন সংবাদপত্রে চোখধাঁধানো ও প্রতিশ্রুতিতে ভরা বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ ওঠে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে। এই প্রবণতা বন্ধে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল কেরলে বিধানসভা নির্বাচন। তার আগে কমিশন জানিয়েছেন, মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি (এমসিএমসি)-র আগাম অনুমতি ছাড়া ভোটের দিন ও তার আগের দিন অর্থাৎ ৮ ও ৯ এপ্রিল সংবাদপত্রে কোনো রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়া যাবে না। শুক্রবার গভীর রাতে এই নির্দেশ দিয়েছেন কেরলের চিফ ইলেক্টোরাল অফিসার রাথন ইউ কেলকার। তাঁর মতে, উল্লিখিত দিনগুলিতে অনেক সময় অবমাননাকর, বিভ্রান্তি ও উস্কানিমূলক বিজ্ঞাপন প্রকাশ করা হয়। নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে এধরনের ঘটনা গোটা প্রক্রিয়াকেই কলুষিত করে। সেজন্য সংবিধানের ৩২৪ নম্বর ধারা উল্লিখিত ক্ষমতা ব্যবহার করে নির্বাচন কমিশন এই নির্দেশ দিয়েছে। ওই দু’দিন এমসিএমসির পূর্ব অনুমোদন ছাড়া কোনো রাজনৈতিক দল, প্রার্থী, সংগঠন বা ব্যক্তি সংবাদপত্র ও পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারবেন না।  

Advertisement