গান্ধীনগর, ২৭ নভেম্বর: প্ল্যান ছিল নাশকতার! মোবাইল থেকে মিলেছে ভদোদরারর এয়ারফোর্স স্টেশনের গেটের ছবি। পরে সেখানে রেইকিও করে এই জইশ জঙ্গি। তবে সন্ত্রাস দমনে বড়ো সাফাল্য। হামলার আগেই গুজরাত এটিএসের জালে জইশ জঙ্গি সাহারুল ইসলাম। গুজরাতের ভদোদরা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে শুক্রবার সেই রাজ্যের এটিএস সাহারুলকে জারোদ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। সূত্রের খবর, তার কাছে থেকে উদ্ধার করা হয়েছে একটি একে ৪৭ ও ২৩ লাইভ কার্তুজ-সহ আরও অনেক নথি। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে গুজরাত অ্যান্টি-টেররিজম স্কোয়াড।
করিমগঞ্জের বাসিন্দা সাহারুল ইসলাম অসম থেকে গুজরাতে আসে। শুক্রবার গুজরাত এটিএস-র ডিআইজি সুনীল জোশি বলেন, ‘আমাদের কাছে খবর ছিল। গুজরাতে নাশকতার ছক ছিল এক জইশ জঙ্গির। জানতে পেরেই আমরা তদন্ত শুরু করি। একটি বিশেষ দল গঠন করা হয়। তখনই অসমের বাসিন্দা সাহারুল ইসলামের নাম সামনে আসে এবং আমরা এটাও জানতে পারি সে স্টেশনের কাছেই একটি হোটেলে উঠেছে। এরপরে জানা যায়, সে পুরো টাকা মিটিয়ে ও চেক আউট না করেই চলে গিয়েছে।’ জোশি আরও জানান, ‘হোটেলে দেওয়া নম্বর থেকে তার গতিবিধি লক্ষ্য করা হয়। দেখা যায় ভাদোদারার কাছে একটি হোটেলের কাছে সে রয়েছে।’
ডিআইজি জোশি জানান, ‘সরকারি সাক্ষীদের উপস্থিতিতে তাঁর দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একে ৪৭-এর আদলে তৈরি একটি স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল, দু’টি খালি ম্যাগাজিন, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, জইশ-এ-মহম্মদের একটি পতাকা, মোবাইল ফোন, সিম কার্ড এবং কিছু নগদ টাকা।’
এছাড়াও তিনি বলেন, ‘সাহারুলকে কিছু টার্গেট দেওয়া হয়েছিল। যার কয়েকটি এলাকার সে রেইকি ও ভিডিও করে।’ ভাদোদারার এয়ারফোর্স স্টেশনেও রেইকি করে অভিযুক্ত শাহরুল, ভিডিও মিলছে মোবাইল থেকে। এটিএস-এর ডিআইজি আরও দাবি করেন, অভিযুক্তের সন্দেহভাজন হ্যান্ডলার হিসেবে চিহ্নিত করা হয়েছে মুফতি রফিক ওরফে ইবন আবদুল্লাকে। তিনি জইশ-ই-মহম্মদ-এর সঙ্গে যুক্ত। তাঁর অভিযোগ, অভিযুক্তকে এই অপারেশন পরিচালনার জন্য ৫০ হাজার টাকা দিয়েছিলেন ওই হ্যান্ডলার। সেই অর্থে নতুন মোবাইল ফোন কেনা, যাতায়াত এবং হোটেলে থাকার খরচ মেটানোর কথা ছিল। এছাড়াও তিনি জানান, হামলার পরে পাকিস্তানে পালানোর পরিকল্পনাও ছিল সাহারুলের।



