নয়াদিল্লি, ২৭ নভেম্বর: লোকসভায় আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন প্রস্তাব অনুযায়ী, দেশের প্রতিটি রাজ্যেই সমান হারে বাড়বে লোকসভা আসন। ফলে লোকসভার মোট আসন সংখ্যা বেড়ে ৮৫০ হতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি আগামী ২৫ বছর অর্থাৎ ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির আসন বণ্টনের অনুপাত অপরিবর্তিত রাখার প্রস্তাবও করা হয়েছে।
আগামী ৩০ নভেম্বর সংসদের বিশেষ অধিবেশনে সংশোধিত বিল পেশ করতে পারে কেন্দ্র। মহিলা সংরক্ষণ আইন কার্যকরের সঙ্গেও এই বিলকে যুক্ত করা হয়েছে। এর আগে জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের প্রস্তাব ঘিরে আপত্তি তুলেছিল বিরোধী দলগুলি। বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলির আশঙ্কা ছিল জনসংখ্যা নিয়ন্ত্রণে সাফল্যের কারণে লোকসভায় তাদের প্রতিনিধিত্ব কমে যেতে পারে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দাবি ছিল, লোকসভায় রাজ্যের বর্তমান ৭.১৮ শতাংশ প্রতিনিধিত্ব বজায় রাখতে হবে এবং আরও ২৫ বছর ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে আসন বণ্টনের অনুপাত বহাল রাখতে হবে।
কেন্দ্রের নতুন প্রস্তাবে সেই উদ্বেগ অনেকটাই প্রশমিত হতে পারে। তবে বিল পাশের জন্য প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সমর্থন জোগাড় করাই এখন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। ডিএমকে ও এনসিপির সমর্থন মিলবে কী না, সেদিকেই নজর এখন রাজনৈতিক মহলের।



