নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া সিটি পুলিশের লোগো ও স্টিকার লাগানো সাদা গাড়ি। তা দেখে স্বাভাবিকভাবেই সন্দেহ হয়নি মদের দোকানের কর্মীদের। কিন্তু সেই গাড়িতে পুলিশ নয়, এসেছিল দুষ্কৃতীরা। নিজেদের পুলিশকর্মী পরিচয় দিয়ে দোকানে ঢুকে প্রায় ১৩৮ বোতল বিদেশি মদ নিয়ে চম্পট দেয় তারা। ঘটনার তদন্তে নেমে দু’জনকে গ্রেপ্তার করেছে শিবপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ৬৩ লিটার বিদেশি মদ। পাশাপাশি লুটের কাজে ব্যবহৃত সাদা গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাটি সোমবার সন্ধ্যার। শিবপুরে জি টি রোডের ধারে একটি মদের দোকানের সামনে আচমকা সাদা গাড়ি নিয়ে হাজির হয় কয়েকজন। গাড়িতে লাগানো ছিল পুলিশের লোগো ও স্টিকার। এরপর নিজেদের পুলিশকর্মী পরিচয় দিয়ে দোকানে ঢোকে তারা। অভিযোগ, টাকা না দিয়ে তারা একে একে ১৩৮ বোতল বিদেশি মদ নিয়ে গাড়িতে উঠে পালিয়ে যায়। এরপর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শিবপুর থানার পুলিশ। প্রথমেই তাঁরা লুটের কাজে ব্যবহৃত সাদা গাড়িটির গতিবিধি ও অভিযুক্তদের সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করেন। সেই সূত্র ধরেই অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ। এরপর সাঁকরাইলের বাসিন্দা অভিমন্যু কুমার সিং এবং বি গার্ডেনের সোনু কুমার দাসকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে লুট হওয়া মদের বোতলের মধ্যে ৮৪টি উদ্ধার করা হয়েছে। যার পরিমাণ প্রায় ৬৩ লিটার। উদ্ধার করা হয়েছে অপরাধে ব্যবহৃত গাড়িটিও। তবে এই চক্রে আর কারা রয়েছে, তারা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশকর্মীর পরিচয় দিয়ে ও পুলিশের লোগো ব্যবহার করে তারা এমন কোনো ঘটনা অতীতে ঘটিয়েছে কি না, তাও তদন্তের আওতায় রাখা হয়েছে। নিজস্ব চিত্র



