Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোয় ডিজে বক্স বাজালে বা ভাড়া দিলে কড়া ব্যবস্থা, সতর্ক করল পুলিশ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজো ও বিসর্জনে ডিজে বক্স বাজানো নিষেধ করেছেন। সেই অনুযায়ী এবার কড়া পদক্ষেপ করতে চলেছে বারুইপুর পুলিশ জেলা।

পুজোয় ডিজে বক্স বাজালে বা ভাড়া দিলে কড়া ব্যবস্থা, সতর্ক করল পুলিশ
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজো ও বিসর্জনে ডিজে বক্স বাজানো নিষেধ করেছেন। সেই অনুযায়ী এবার কড়া পদক্ষেপ করতে চলেছে বারুইপুর পুলিশ জেলা। যে পুজো কমিটি ডিজে বক্স ভাড়া নেবে, যারা তা ভাড়া দেবে, উভয়ের বিরুদ্ধেই আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস। পাশাপাশি, সোনার দোকানগুলিতে সিসি ক্যামেরা কাজ করছে কি না, নিয়মিত দেখতে হবে। যে সব দোকানে এখনও ক্যামেরা নেই, জরুরি ভিত্তিতে তা বসাতে হবে। ক্যামেরা বসাতে হবে প্রতিটি পেট্রল পাম্পে, এমনই বলা হয় বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে।

Advertisement

মঙ্গলবার বারুইপুরে বিভিন্ন ডেকরেটার সংস্থা, সোনার দোকানের মালিক ও পেট্রল পাম্পের মালিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ছিলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস, বারুইপুর থানার আই সি শান্তনু মিত্র। বৈঠকে ডেকরেটার সংস্থার লোকজনকে বলে দেওয়া হয়, একসঙ্গে ২০ থেকে ২৫টি সাউন্ড সিস্টেম, মাইকে জোরালো আওয়াজে মানুষের সমস্যা হয়। এবারে যারা এই কাজ করবে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যারা ভাড়া দিচ্ছে, তাদের সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি, ওই ডেকরেটার সংস্থার কর্মীর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো পুজো কমিটি জোর করে ডিজে বক্স নিয়ে যেতে চায়, দ্রুত তা পুলিশকে জানাতে হবে।  
এদিন সোনার দোকানের মালিকদের উদ্দেশে পুলিশ বলে, দোকানে অ্যালার্ম বেল অবশ্যই রাখতে হবে। দোকানে নতুন কর্মচারী নিযুক্ত করলে তার সব তথ্য পুলিশকে জানাতে হবে। যাঁদের কাছ থেকে পুরানো সোনা কেনা হচ্ছে তাঁদের আধার নতুবা ভোটার কার্ড রাখতে হবে মালিককে। পাশাপাশি, দোকানের সামনে বা ভিতরে কারও সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়, তা পুলিশকে জানাতে হবে। পেট্রল পাম্পের মালিকদেরও বলা হয়, সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত পুলিশকে জানাতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ