Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জল্পেশ মন্দিরের বেহাল রাস্তা সংস্কার পুলিসের

বেহাল রাস্তার সংস্কার করল না মন্দির কমিটি। এগিয়ে আসতে হল পুলিস প্রশাসনকে। জল্পেশ মন্দির সংলগ্ন যে রাস্তা দিয়ে ভক্তরা পুকুরঘাটে প্রবেশ করেন, সেই রাস্তাটির অবস্থা বেহাল।

জল্পেশ মন্দিরের বেহাল রাস্তা সংস্কার পুলিসের
  • ১০ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: বেহাল রাস্তার সংস্কার করল না মন্দির কমিটি। এগিয়ে আসতে হল পুলিস প্রশাসনকে। জল্পেশ মন্দির সংলগ্ন যে রাস্তা দিয়ে ভক্তরা পুকুরঘাটে প্রবেশ করেন, সেই রাস্তাটির অবস্থা বেহাল। তা নিয়ে শনিবার ক্ষোভপ্রকাশ করেছিলেন ব্যবসায়ীরা। চাপে পড়ে রাস্তা সংস্কারের বিষয়ে আশ্বাস দিয়েছিল মন্দির কমিটি। কিন্তু কথা মতো কাজ না হওয়ায় রবিবার ভক্তদের সমস্যার কথা চিন্তা করে অবশেষে এগিয়ে এসেছে ময়নাগুড়ি থানার পুলিস। ভক্তদের চলাচলের সুবিধার জন্য বালি ফেলে কিছুটা হলেও স্বাভাবিক করা হল  রাস্তাটি।

Advertisement

আজ, রবিবার জল্পেশ শ্রাবণী মেলার শেষ সপ্তাহ। এদিন ভক্তরা আসবেন, সোমবার শিবের মাথায় জল ঢেলে বাড়ির উদ্দেশে রওনা হবেন। এবছরের মতো শেষ হয়ে যাবে শ্রাবণী মেলা। গত সপ্তাহে রেকর্ড ভিড় হয়েছিল। শেষ সপ্তাহেও ব্যাপক ভিড় হতে পারে। আর সে কারণেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং সহ বিভিন্ন জেলা থেকে শনিবারই পুজো দিতে জল্পেশ মন্দিরে এলেন প্রচুর ভক্ত। ভক্তরা জানিয়েছেন, এবছর শ্রাবণী মেলায় প্রশাসনের ব্যবস্থা নিয়ে তারা খুব খুশি। খুব শান্তিতে পুজো দিয়েছেন।
এবছর শ্রাবণী মেলা শুরু হয়েছিল ২০ জুলাই থেকে। ১১ আগস্ট মেলা শেষ হতে চলেছে। এবছর প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নজরে এসেছে। একদিকে যেমন জল্পেশ মেলার মাঠে তৈরি করা হয়েছে টিকিট কাউন্টার, অন্যদিকে মেলা শুরুর আগে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি জর্দা সেতুর উপর একটি ফুট ব্রিজ ও একটি পাকা সেতু উদ্বোধন করেছেন। অন্য বছরের তুলনায় এবছর বেশি পুলিস মোতায়েন করা হয়েছে। সাইকেলে করেও চলেছে পুলিসের টহল। গত রবিবার ও সোমবার শ্রাবণী মেলায় সর্বকালের রেকর্ড ভিড় হয়েছিল বলে মন্দির কমিটি জানিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ